দ্য ওয়াল ব্যুরো: এক মাস দশ দিন পার হয়ে গিয়েছে। সুশান্ত সিং রাজপুত আর বেঁচে নেই। তবে সশরীরে অভিনেতা না থাকলেও তিনি বেঁচে আছেন মানুষের মনে। থাকবেনও চিরকাল। কারণ লেজেন্ডদের কখনও মৃত্যু হয় না। তাঁরা অমর।
সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষের বাড়ির ড্রয়িংরুম-----গত ১৪ জুন থেকে শুরু হওয়া সুশান্তকে নিয়ে আলোচনার ঝড় এখনও থামেনি। এ বার সুশান্ত প্রসঙ্গে মুখ খুললেন পরিচালক অনুরাগ কাশ্যপ।
অনুরাগের কথায়, যশ রাজ ফিল্মস এবং ধর্মা প্রোডাকশনের সঙ্গে কাজ করার জন্য তাঁর ছবিতে সই করেননি সুশান্ত। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অনুরাগ বলেন, "হাসি তো ফাসির জন্য সুশান্তকে অফার দিয়েছিলাম। কিন্তু সুশান্ত তখন যশ রাজ ফিল্মসের সঙ্গে কাজ করবেন বলে ঠিক করেছিলেন। বলিউডে বাইরে থেকে আসা অভিনেতারা বড় প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে চান। সুশান্তও সেটাই করেছিলেন। এর মধ্যে কোনও ভুল নিয়ে। আর এই নিয়ে আমার কোনও রাগ বা ক্ষোভও নেই।"
এরপর ২০১৬ সালেও একটি ছবির জন্য সুশান্তকে অফার দেন অনুরাগ। পরিচালকের কথায়, "মুকেশ (ছাবরা) গিয়ে ওনাকে বলেছিলেন যে অনুরাগ একটা স্ক্রিপ্ট লিখেছে এবং কাস্ট করার জন্য অভিনেতা খুঁজছেন। সে বছর ধোনি রিলিজ হয়। ব্যাপক সাফল্য পেয়েছিল সুশান্তের ছবি। তবে উনি আমাকে আর কখনও কলব্যাক করেননি।"
হালফিলে সুশান্তের ছবি 'ড্রাইভ' নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে তৈরি হওয়া এই ছবি রিলিজ হয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। শোনা যায় ছবি যে ওয়েব প্ল্যাটফর্মে রিলিজ হচ্ছে, হলে নয় সে কথা নাকি সুশান্তকে জানানইনি করণ। ছবির বাণিজ্যিক সাফল্য তেমন না হওয়ায় নাকি মুষড়ে পড়েছিলেন অভিনেতাও।
এই প্রসঙ্গে অনুরাগ বলেন, "সেই সময় আমার একটা ছবিতে কাজ করার জন্য সুশান্তকে বলেছিলাম। তবে উনি ধর্মা প্রোডাকশনের ড্রাইভকেই বেছে নিয়েছিলেন। বড় প্রযোজনা সংস্থার ছত্রছায়ায় থাকতে এবং কাজ করতে অনেক অভিনেতাই চান। এতে কাউকে দোষ দেওয়ার কিছু নেই। আর এই বিষয় নিয়ে রাগারাগি করারও কিছু নেই।"