দ্য ওয়াল ব্যুরো: একজন রয়েছেন ঢাকায়। অন্যজন পাড়ি দিয়েছেন আফ্রিকায়। দূরত্বটা ৭০৬৩ কিলোমিটার। তবে এই সুবিশাল দূরত্ব তাঁদেরকে প্রেমকে প্রতিনিয়ত গাঢ় এবং গভীর করছে। সোশ্যাল মিডিয়ায় নজর রাখলেই মিলছে তার প্রমাণ।
নিজের আগামী ছবি ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর শ্যুটিংয়ের জন্য সদ্যই আফ্রিকা উড়ে গিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। গত ২৯ ফেব্রুয়ারি কলকাতায় স্বভূমির রাজকুটীরে বসেছিল সৃজিত-মিথিলার রিসেপশনের আসর। জমজমাট পার্টি সেরেই বিদেশ পাড়ি দিয়েছিলেন পরিচালক। মিথিলাও কাজের জন্য গিয়েছেন ঢাকা। কিন্তু প্রতিমুহূর্তেই যে একে অন্যকে চোখে হারাচ্ছেন সেকথা স্পষ্ট।
আফ্রিকা পৌঁছেই একটি ছবি টুইট করেছিলেন সৃজিত। একেবারে রাজার ভঙ্গিমায় সিংহাসনে বসে রয়েছেন স্বয়ং পরিচালক। চমক রয়েছে রাজার সিংহাসনে। পিছনে শিংওয়ালা মোষের মাথা, মাঝে বিছিয়ে রাখা বাঘছাল, সিংহাসনের চারদিক দিয়ে বেরিয়ে রয়েছে পেল্লাই সব শিং—–এমনই এক সিংহাসনে এক্কেবারে রাজার মত পোজ দিয়ে বসেছেন পরিচালক। হাতে ধরা মোটা লাঠি।
https://twitter.com/rafiath_rashid/status/1236541193166573568
এই ছবিটি রিটুইট করে মিথিলা লিখেছিলেন, আমি বলেছিলাম আফ্রিকা আমার পছন্দে, তবে ও একটু বেশিই সিরিয়াসলি নিয়ে নিয়েছে ব্যাপারটা।” স্ত্রীর আফ্রিকা প্রীতির কথা জানার পরেই সোমবার আরও একটি ছবি টুইট করেছেন সৃজিত। যেখানে দেখা গিয়েছে, ধু ধু প্রান্তরে বসে রয়েছেন পরিচালক। চারধারে প্রায় কিছুই নেই। দূরে কেবল দাঁড়িয়ে রয়েছে ঝাঁকরা একটা গাছ। আকাশে ভেসে বেড়ানো মেঘের মধ্যে রঙয়ের খেলা দেখে অনুমান, সূর্যাস্তের খানিক আগেই লেন্সবন্দি করা হয়েছে মুহূর্ত।
https://twitter.com/srijitspeaketh/status/1236717126880296960
এই ছবি শেয়ার করেই সৃজিত লিখেছেন, “তাহলে চলো সেখানে যাওয়া যাক, যেখানে আকাশের ঠিক পরেই সন্ধ্যা নামে।“ এবার অবশ্য মিঞা-বিবির একসঙ্গে আফ্রিকা যাওয়া সম্ভব হয়নি। সৃজিত যেমন ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ নিয়ে ব্যস্ত তেমনই মিথিলাও তাঁর আগামী ওয়েব সিরিজ ‘একাত্তর’-এর ব্যাপারে মন দিয়েছেন। ইতিমধ্যেই রিলিজ হয়েছে এই ওয়েব সিরিজের ট্রেলরও। এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন মিথিলা। তবে পদ্মাপাড়ের কন্যার আফ্রিকা প্রীতি দেখে অনুমান হাতের কাজ মিটলেই ফের নির্ঘাত আফ্রিকাতেই পাড়ি দেবেন সৃজিত-মিথিলা। কারণ পাল্টা টুইটে তেমনটাই লিখেছেন মিথিলা। সৃজিতের প্রস্তাবে সম্মতি জানিয়ে তাই মিথিলার জবাব “চলো তবে তুমি আর আমি মিলে যাওয়া যাক”।
https://twitter.com/rafiath_rashid/status/1236719153853038593