দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীর নাম জড়ানোর পর থেকেই একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে। বিভিন্ন সূত্র এবং একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে রিয়ার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করা হয়েছে। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টে নতুন করে মামলা দায়ের করেছেন রিয়া। পাশাপাশি মিডিয়ার এ ধরনের অভিযোগের বিরুদ্ধে রিয়া বলেছেন, সুশান্তকে তিনি ভালবাসতেন। প্রিয়জনের এমন পরিণতিতে 'ট্রমা'-তে চলে গিয়েছিলেন তিনি।
তবে এত কিছুর পরেও রিয়ার বিরুদ্ধে অভিযোগ এবং সমালোচনার ঝড় থামছে না। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে ইডির এক আধিকারিক সূত্রে খবর, রিয়ার কল রেকর্ড খতিয়ে দেখে জানা গিয়েছে যে ৮ জুন থেকে ১৪ জুনের মধ্যে অন্তত ১৬ বার নাকি মহেশ ভাটকে ফোন করেছিলেন রিয়া। আচমকাই রিয়ার মহেশ ভাটকে ফোন করার প্রবণতা বেড়ে গিয়েছিল, মানে দু'জনের মধ্যে ফোন কোলের সংখ্যা হঠাৎই বেড়ে গিয়েছিল। এমনকি রিয়া নাকি জুন মাসে ফোন করেছিলেন আরও এক প্রভাবশালী পরিচালককে। প্রসঙ্গত, ৮ জুন সুশান্তের ফ্ল্যাট ছেড়ে চলে গিয়েছিলেন রিয়া। কাকতলীয় ভাবে সেইদিনই বহুতল থেকে পড়ে মৃত্যু হয় সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের। অন্যদিকে রিয়া যেদিন সুশান্তের ফ্ল্যাট ছেড়ে যান সেদিন নাকি সুশান্তের সঙ্গে তাঁর তুমুল ঝগড়া হয়েছিল সে কথা নাকি সুশান্তের মিতু দিদিকে ফোন করেও জানিয়েছিলেন রিয়া। তারপর ফ্ল্যাট ছেড়ে চলে যান তিনি। এর ৬ দিন পর ১৪ জুন বান্দ্রার ওই ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ।
অন্যদিকে জানা গিয়েছে, আজ ইডির তরফে সুশান্তের দিদি মিতু সিংকে জিজ্ঞাসাবাদ করা হবে। জানা গিয়েছে, রাজপুত পরিবারের দ্বিতীয় সন্তান, সুশান্তের মেজ দিদি তিনি। এই প্রথম সুশান্তের পরিবারের কাউকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এ ছাড়াও জানা গিয়েছে, সিবিআইয়ের কাছে সুশান্তের পরিবার নতুন করে অভিযোগ জানিয়েছে। তাদের দাবি, আত্মহত্যায় প্ররোচনা নয় বরং সুশান্তের ঘটনাকে খুনের মামলা হিসেবেই তদন্ত করুক সিবিআই। সুশান্ত খুন হয়েছেন বলেই এ বার সিবিআইয়ের কাছে সরাসরি অভিযোগ জানিয়েছে অভিনেতার বাবা।