দ্য ওয়াল ব্যুরো: মাত্র ২১ বছর বয়সেই শিল্পা শেট্টি ঠিক করেছিলেন নিজের মেয়ের নাম রাখবেন। 'মুম্বই মিরর'-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। আজ থেকে প্রায় ২৩ বছর আগে শিল্পা ভেবে রেখেছিলেন মেয়ে হলে নাম রাখবেন সামিশা। বরাবরই কন্যাসন্তান বড্ড প্রিয় অভিনেত্রীর। একথাও জানিয়েছেন নিজেই।
মহাশিবরাত্রির দিন শিল্পা জানিয়েছিলেন কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। মেয়ের নাম রেখেছেন সামিশা। নামের মানেও বুঝিয়ে দিয়েছিলেন স্পষ্ট করে। শিল্পা বলেন, “সংস্কৃতে ‘সা’ কথার অর্থ কিছু পাওয়া। আর ‘মিশা’ শব্দের অর্থ ‘ঈশ্বর-সম কেউ’। এটি একটি রুশ শব্দ। অর্থাৎ সব মিলিয়ে সামিশা নামের অর্থ ‘ঈশ্বর-সম কাউকে পাওয়া’।
তবে এবার অভিনেত্রী জানালেন যে নিজের ২১ বছর বয়সেই মেয়ের এই নাম ঠিক করেছিলেন তিনি। শিল্পার কথায়, "বরাব্রই চাইতাম আমার একটা ফুটফুটে মেয়ে হবে। তাই আগেভাগেই নাম ঠিক করে ফেলেছিলাম।" ২০০৯ সালে শিল্পপতি রাজ কুন্দ্রার সঙ্গে বিয়ে হয় বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির। এরপর ২০১২ সালে প্রথম সন্তানের জন্ম দেন শিল্পা। ছেলের নাম রাখেন ভিয়ান। আট বছর পর ফের মা হয়েছেন শিল্পা। সারোগেসির মাধ্যমে একরত্তি সামিশা এসেছে তাঁর কোলে।
https://www.instagram.com/p/B80Uq2RB3yj/
শিল্পা জানিয়েছেন, দ্বিতীয় সন্তানের জন্য প্রায় পাঁচ বছর ধরে চেষ্টা করছিলেন তিনি এবং রাজ কুন্দ্রা। অবশেষে মেয়ে হয়েছে তাঁদের। 'নিকাম্মা' এবং 'হাঙ্গামা' ছবির জন্য সই-ও করে ফেলেছিলেন শিল্পা। সেই সময়েই খবর পান এই ফেব্রুয়ারিতেই দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন তিনি। একমাসের জন্য অভিনেত্রী পিছিয়ে দেন সমস্ত শ্যুটিং শিডিউল। গত ১৫ ফেব্রুয়ারি মেয়ে হয়েছে শিল্পা শেট্টির।
যদিও মেয়ের জন্মের খবর এতদিন পর প্রকাশ্যে আনলেও বিটাউনের অনেকেই জানতেন সামিশার আগমনের খবর। শিল্পার ইনস্টাগ্রাম পোস্টে তাই কমেন্ট করে পরিচালক ফারহা খান জানিয়েছেন, “এই খবর আর চেপে রাখা যাচ্ছিল না। ধন্যবাদ ভগবানকে যে অবশেষে খুশির খবর প্রকাশ্যে এসেছে। অনেক আশীরবাদ রইল।” সামিশার জন্মের পর রাজ এবং শিল্পাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অন্যান্য তারকারাও।
মহাশিবরাত্রির দিন মেয়ের নাম আর ছবি প্রকাশ্যে এনেছেন শিল্পা এবং রাজ কুন্দ্রা। ইনস্টাগ্রামে একরত্তির আঙুল ধরা একটা ছবিও শেয়ার করেন শিল্পা।