ছেলের পরে মেয়ে, ফের মা হলেন শিল্পা
দ্য ওয়াল ব্যুরো: কন্যাসন্তানের মা হলেন শিল্পা শেট্টি কুন্দ্রা। মেয়ের জন্ম অবশ্য হয়েছে ১৫ ফেব্রুয়ারি। তবে মহাশিবরাত্রির দিনের মেয়ের নাম আর ছবি প্রকাশ্যে আনলেন শিল্পা এবং রাজ কুন্দ্রা। ইনস্টাগ্রামে পোস্ট করে তারকা দম্পতি জানিয়েছেন মেয়ের নাম র
শেষ আপডেট: 21 February 2020 09:51
দ্য ওয়াল ব্যুরো: কন্যাসন্তানের মা হলেন শিল্পা শেট্টি কুন্দ্রা। মেয়ের জন্ম অবশ্য হয়েছে ১৫ ফেব্রুয়ারি। তবে মহাশিবরাত্রির দিনের মেয়ের নাম আর ছবি প্রকাশ্যে আনলেন শিল্পা এবং রাজ কুন্দ্রা। ইনস্টাগ্রামে পোস্ট করে তারকা দম্পতি জানিয়েছেন মেয়ের নাম রেখেছেন সামিশা। একরত্তির আঙুল ধরা একটা ছবিও শেয়ার করেছেন শিল্পা।
কেন মেয়ের নাম সামিশা রেখেছেন খোলসা করেও সেটাও জানিয়েছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করে শিল্পা লিখেছেন, "ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেছেন। পরিবারের নতুন সদস্য এসেছে। কুন্দ্রা পরিবারের সবচেয়ে ছোট্ট সদস্য সামিশা শেট্টি কুন্দা।" শিল্পা আরও লিখেছেন, "সংস্কৃতে ‘সা’ কথার অর্থ কিছু পাওয়া। আর ‘মিশা’ শব্দের অর্থ ‘ঈশ্বর-সম কেউ’। এটি একটি রুশ শব্দ। অর্থাৎ সব মিলিয়ে সামিশা নামের অর্থ ‘ঈশ্বর-সম কাউকে পাওয়া’।
https://www.instagram.com/p/B80Uq2RB3yj/
২০০৯ সালে শিল্পপতি রাজ কুন্দ্রার সঙ্গে বিয়ে হয় বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির। এরপর ২০১২ সালে প্রথম সন্তানের জন্ম দেন শিল্পা। ছেলের নাম রাখেন ভিয়ান। আট বছর পর ফের পরিবারে এসেছে খুশির খবর। দ্বিতীয়বার মা হয়েছেন শিল্পা শেট্টি। তবে ইদানীং বিভিন্ন রিয়েলিটি শো-তে দেখা গিয়েছে শিল্পাকে। অভিনেত্রীর নিয়মিত গেস্ট অ্যাপিয়ারেন্স দেখে বোঝাই গিয়েছিল তিনি অন্তঃসত্ত্বা নন। তবে সামিশার জন্ম সারোগেসির মাধ্যমে হয়েছে নাকি কন্যাসন্তান দত্তক নিয়েছেন রাজ-শিল্পা, সেকথা অবশ্য খোলসা করে কিছুই বলেননি এই তারকা জুটি।

যদিও মেয়ের জন্মের খবর এতদিন পর প্রকাশ্যে আনলেও বিটাউনের অনেকেই জানতেন সামিশার আগমনের খবর। শিল্পার ইনস্টাগ্রাম পোস্টে তাই কমেন্ট করে পরিচালক ফারহা খান জানিয়েছেন, "এই খবর আর চেপে রাখা যাচ্ছিল না। ধন্যবাদ ভগবানকে যে অবশেষে খুশির খবর প্রকাশ্যে এসেছে। অনেক আশীরবাদ রইল।" সামিশার জন্মের পর রাজ এবং শিল্পাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অন্যান্য তারকারাও।