দ্য ওয়াল ব্যুরো: ১৯৮৩ সালের ২৫ জুনের সেই রাত। ইংল্যান্ডের লর্ডসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবারের জন্য বিশ্বকাপ জেতে ভারত। তরুণ অধিনায়ক কপিল দেবের নেতৃত্বে এই বিশ্বকাপ জিতেছিল ভারত। দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেশের নাম বিশ্বের দরবারে তুলে ধরেছিল কপিল দেবের নেতৃত্বাধীন এই দল। সেই মাদকতাকে ফের একবার বড়পর্দায় তুলে আনতে চলেছেন রণবীর সিং। সেই পোস্টারই দেখা গেল সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি প্রকাশ করেছেন রণবীর সিং। সেখানে কপিল দেবের ভঙ্গিতে কাপ তুলতে দেখা যাচ্ছে তাঁকে। সেই কালো ব্লেজারে উজ্জ্বল ভারত অধিনায়ক। সঙ্গে ক্যাপশনে ছোট্ট করে রণবীর লিখেছেন, "এটাই ৮৩"।
https://twitter.com/RanveerOfficial/status/1236177634523934720?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1236177634523934720&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Fentertainment%2F83-ranveer-singh-recreates-iconic-moment-when-kapil-dev-lifted-the-1983-world-cup-trophy-2191453
টুইটারে রণবীর সিংয়ের এই ছবি প্রকাশের পরেই তা ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় সবাই ফিরে যাচ্ছেন সেদিনের সেই ঘটনায়। ভারতের প্রথমবার বিশ্বকাপ জয়কে তুলে আনছেন সবাই। সবাই প্রশংসা করছেন রণবীরের। কেউ লিখেছেন, অসাধারণ। কেউ আবার লিখেছেন, যে কোনও চরিত্র ফুটিয়ে তুলতে সমানভাবে পারদর্শী রণবীর। একজন আবার লিখেছেন, সত্যিই এই ছবি রণবীরের কেরিয়ারের অন্যতম সেরা ছবি হতে চলেছে।
বেশ কিছুদিন ধরে চলছে এই ছবির প্রস্তুতি। এর আগেও অনেকবার প্রকাশ পেয়েছে এই ছবির বেশ কিছু পোস্টার। কোথাও রণবীরকে কপিল দেবের সেই বিখ্যাত নটরাজ শটের পোজে দেখা গিয়েছে। কোথাও আবার গোটা দলের ছবি। ৮৩ ছবিতে কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এছাড়াও সেইসময়ের বিশ্বজয়ী দলের সব ক্রিকেটারদের চরিত্রে একাধিক পরিচিত অভিনেতা রয়েছেন।
এখনও পর্যন্ত এই ছবির টিজার বা ট্রেলর প্রকাশ পায়নি। সেই ট্রেলরের জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা এই ছবির। তার মানে শিগগিরই মুক্তি পাবে ট্রেলর। তার আগেই সেই ঝলক দিয়ে রাখলেন রণবীর।