
শেষ আপডেট: 16 December 2019 10:58
ছবির বাণিজ্যিক সাফল্য কেমন হবে তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। ফিল্ম ক্রিটিক থেকে সিনেমার ট্রেড অ্যানালিস্ট সকলেই বলছেন খুব দ্রুত ১০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে মর্দানি ২। তবে এইসবের ফাঁকে সিরডির মন্দিরে ঘুরে গেলেন রানি। ছবির সাফল্যের জন্যই পার্থনা করতে এসেছিলেন অভিনেত্রী। ছিমছাম সাজ, সাদামাঠা মেকআপ আর কালো সালোয়ার স্যুটে এদিন মন্দিরে হাজির হয়েছিলেন রানি। তাঁকে অভ্যর্থনা জানায় মন্দির কর্তৃপক্ষ।
তবে নেট দুনিয়ায় এখন ভাইরাল অন্য একটি ছবি। দেখা গিয়েছে পুজো করার সময় একটু যেন আবেগতাড়িত হয়ে পড়েন রানি মুখার্জি। ছলছল চোখে হাতজোড় করে দাঁড়িয়ে রয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই অনেকে বলছেন, রানি যে খুব মন দিয়ে পুজো করছিলেন তা বোঝাই যাচ্ছে। এমনিতেও প্রতি বছর মুখার্জি বাড়ির দুর্গা পুজোয় একা হাতে অনেক দায়িত্ব সামলান রানি। সারা বছর হাজার শ্যুটিংয়ে ব্যস্ত থাকলেও দুর্গাপুজোর পাঁচদিন মুম্বইতে নিজের বাপের বাড়িতেই কাটান তিনি। পুজোর নানা কাজ থেকে শুরু করে অতিথিদের ভোগ বিতরণ, সব জায়গাতেই হাসিমুখে দেখা যায় রানিকে। বোঝাই যায় বাঙালি বাড়ির মেয়ের পুজো-অর্চনা প্রতি যথেষ্ট ভক্তি রয়েছে।
এবার সিরডি মন্দির দর্শনের ক্ষেত্রেও হল তেমনটাই। পুজোর মাঝে আবেগে ভাসলেন অভিনেত্রী।
ছবি সৌজন্যে PINKVILLA