দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে শিরোনামে এসেছেন পায়েল ঘোষ নামের এক অভিনেত্রী। তবে শুধু অনুরাগ নন, পরিচালকের ছবির অভিনেত্রীদের নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন পায়েল। সেই প্রসঙ্গে পায়েলের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রিচা চাড্ডা। ক্ষতিপূরণ স্বরূপ রিচাকে ১.১ কোটি টাকা দেওয়ার কথা ছিল পায়েলের। তবে শোনা গিয়েছে, যে এই ক্ষতিপূরণ দেওয়ার বদলে রিচার প্রতি বিরূপ মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিতে রাজি হয়েছেন পায়েল।
প্রসঙ্গত, গত শনিবার ১৯ সেপ্টেম্বর টুইট করে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এনেছিলেন পায়েল। টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে আর্জি জানিয়ে পায়েল লিখেছিলেন, অনুরাগের বিরুদ্ধে ব্যবস্থা নিন। প্রথমে তাঁকে অনুরাগ কীভাবে হেনস্থা করেছেন তা খোলসা করেননি পায়েল। তবে পরে সরাসরি পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মুম্বইয়ের ভারসোভা থানায় এফআইআর দায়ের করেন তিনি। যদিও সব অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন অনুরাগ। পরিচালক জানিয়েছেন যে সময়ের কথা পায়েল বলেছেন তখন তিনি শ্যুটিংয়ের জন্য শ্রীলঙ্কায় ছিলেন। পরিচালকের প্রাক্তন দুই স্ত্রী আরতি বাজাজ এবং কল্কির পাশাপাশি অনেকেই অনুরাগের সমর্থনে আওয়াজ তুলেছিলেন।
অন্যদিকে কেবল অনুরাগ কাশ্যপ নন, তাঁর ছবির তিন নায়িকা মাহি গিল, হুমা কুরেশি এবং রিচা চাড্ডার বিরুদ্ধেও তোপ দাগেন পায়েল। তাঁর কথায়, রিচা, মাহি এবং হুমা সাধারণ দেখতে হওয়া সত্ত্বেও অনুরাগ তাঁদের সঙ্গে কাজ করেছেন। পায়েল বলেন, “সাধারণত পরিচালকরা এঁদের কাজ দেয় না। কিন্তু আপনি দিয়েছেন। ভাল কথা। কিন্তু আমি এসবের জন্য এখন মানসিক ভাবে প্রস্তুত নই।” নিজের কথায় পায়েল কী ইঙ্গিত করেছেন তা স্পষ্ট না হলেও দুইয়ে দুইয়ে চার করে নিয়েছেন অনেকেই।
এই পরেই পায়েলকে আইনি চিঠি পাঠান রিচা। তাঁর কথায়, "পায়েলের অভিযোগ ইন্ডাস্ট্রিতে আমার গুডউইল নষ্ট করেছে।" এরপর তিনি পায়েলের কাছে ১.১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন। বম্বে হাইকোর্টে গত সোমবার এই নিয়ে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু পায়েলের আইনজীবী নিতিন সতপুতে না থাকায় শুনানি পিছিয়ে বুধবার ধার্য করা হয়। আজ আদালতে মামলার শুনানির সময় বম্বে হাইকোর্টের বিচারপতি এ কে মেনন পায়েলের আইনজীবী নিতিন সতপুতের কাছে জানতে চান, তাঁর মক্কেল কি রিচার বিরুদ্ধে করা আপত্তিকর মন্তব্য প্রত্যাহার করতে প্রস্তুত? তখন পায়েলের আইনজীবী নিতিন জানান যে, রিচা সম্পর্কে মন্তব্য ফিরিয়ে নিতে এবং ক্ষমা চাইতে প্রস্তুত পায়েল।
এরপর রিচা চাড্ডার আইনজীবী বীরেন্দ্র তুলজাপুরকর এবং সবীনা বেদি সাচরও জানান যে তাঁদের মক্কেল এই প্রস্তাবে রাজি। তাঁদের তরফে আর কোনও ক্ষতিপূরণ দাবি করা হবে না।