দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় যশ রাজ ফিল্মসকে চিঠি পাঠাল বান্দ্রা পুলিশ। সুশান্তের এমন মর্মান্তিক পরিণতির সঙ্গে ব্যক্তিগত শত্রুতার কোনও যোগ রয়েছে কিনা তা জানতেই প্রযোজনা সংস্থাকে চিঠি পাঠিয়েছে পুলিশ। তারা জানিয়েছে, যশ রাজ ফিল্মসের সঙ্গে সুশান্তের কী কন্ট্রাক্ট হয়েছিল সেটা খতিয়ে দেখা হবে। অন্যান্য যেসব প্রোডাকশন হাউসের সঙ্গে সুশান্তের চুক্তি ছিল তাদেরকেও প্রয়োজনে চিঠি পাঠানো হতে পারে বলে জানিয়েছে বান্দ্রা পুলিশ।
সুশান্ত সিং রাজপুতের আকস্মিক আত্মহত্যার পর থেকেই উঠছে নানা প্রশ্ন। কেন অভিনেতা এমন মারাত্মক সিদ্ধান্ত নিলেন সেই উত্তর খুঁজছেন সকলে। এর মধ্যে ব্যক্তিগত শত্রুতার অভিযোগও উঠে এসেছে। বলিউডের স্বজনপোষণের পাশাপাশি অনেকেরই ধারণা হয়তো সুশান্তের মৃত্যুর পিছনে লুকিয়ে ব্যক্তিগত শত্রুতার কাহিনী।
গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন অভিনেতা। ঘটনার জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই সুশান্তের ১৩ জন বন্ধুকে জেরা করেছে মুম্বই পুলিশ।
সূত্রের খবর, প্রায় ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সুশান্তের বন্ধু রিয়া চক্রবর্তীকে। পুলিশ জানিয়েছে, সুশান্তকে সাইক্রিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতেন রিয়া। দীর্ঘ ৬ মাস ধরে ক্লিনিকাল ডিপ্রেশনে ভুগছিলেন অভিনেতা। তবে শোনা গিয়েছে, কয়েক মাস ধরে ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলেন সুশান্ত। পুলিশ জানিয়েছে, রিয়ার বয়ান সুশান্তের তদন্তের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সুশান্তের কর্মজীবন কেমন চলছিল, আর্থিক ভাবে অভিনেতা কোনও সমস্যায় ছিলেন কিনা এইসবই জিজ্ঞাসা করা হয়েছে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। এছাড়া ক্ষতি দেখা হচ্ছে অভিনেতার ব্যাঙ্ক ডিটেলস।
এছাড়াও অভিনেতার বাড়ি থেকে পাওয়া ডায়েরি, চিঠি এবং সুশান্তের ল্যাপটপ-ফোন, কল রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। এর আগে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ সুশান্তের মৃত্যুতে ব্যক্তিগত শত্রুতার যোগ রয়েছে বলেও তোপ দেগেছিলেন। রাজনীতিবিদ সঞ্জয় নিরুপমও বলেছিলেন ছ'মাসে সাতটি সিনেমা হাতছাড়া হয়েছিল অভিনেতার। আমজনতার একটা বড় অংশও বিশ্বাস করেন, বলিউডের স্বজনপোষণ বা নেপোটিজমের শিকার হয়েই এত বড় সিদ্ধান্ত নিয়েছেন সুশান্ত।
সুশান্তের বিজনেস ম্যানেজার শ্রুতি মোদী এবং পিআর ম্যানেজার রাধিকা নিহালনির বয়ানও রেকর্ড করেছে পুলিশ। তাঁদের থেকে জানা গিয়েছে বিভিন্ন রকম সোশ্যাল সার্ভিস প্রোজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন সুশান্ত। সূত্রের খবর, পরিচালক শেখর কাপুরের বয়ানও রেকর্ড করতে পারে পুলিশ। 'পানি' ছবিতে সুশান্তকে কাস্ট করতে চেয়েছিলেন শেখর। কিন্তু শেষ পর্যন্ত প্রযোজকরা পিছিয়ে যাওয়ায় বন্ধ হয় খবর কাজ।