দ্য ওয়াল ব্যুরো: মুকেশ ছাবরার 'দিল বেচারা' ছবিতে নায়িকা হিসেবে লিড রোলে ডেবিউ করছেন সঞ্জনা সাংহি। এর আগে রণবীর কাপুর আর নার্গিস ফকরির সঙ্গে 'রকস্টার' ছবিতে একটা ছোট চরিত্রে দেখা গিয়েছিল সঞ্জনাকে। সেই সময়েও সঞ্জনাকে বেছে নিয়েছিলেন মুকেশ। তখন অবশ্য মুকেশ ছিলেন কাস্টিং ডিরেক্টর। তবে এখন তিনি পরিচালকও। 'দিল বেচারা' ডিরেক্টর হিসেবে তাঁর ডেবিউ ফিল্ম। আর ডেবিউ ফিল্মের নায়িকাকে ১০ বছর আগেই বেছে রেখেছিলেন মুকেশ।
'দিল বেচারা'-র টাইটেল ট্র্যাক রিলিজ হয়েছে সদ্য। ইনস্টাগ্রামে সেটাই শেয়ার করেছেন সঞ্জনা। আর লিখেছেন আজ থেকে ১০ বছর আগে মুকেশের সঙ্গে তাঁর আলাপ হয়। তখন সঞ্জনার বয়স মাত্র ১৩। দিল্লিতে নিজের স্কুলে একটা স্টেজ পারফরম্যান্স করেছিলেন সঞ্জনা। তখনই তিনি নজরে আসেন মুকেশের। সঞ্জনা জানিয়েছেন, তাঁর স্কুলের পারফরম্যান্স শেষ হওয়া মাত্র সেখানেই মুকেশ তাঁর অডিশন নিয়ে নেন। এরপরে 'রকস্টার'-এর জন্য ডাক পান সঞ্জনা।
https://www.instagram.com/p/CCdVZ1MFTzp/?igshid=kkhjk4vt48tp
আজ থেকে ৯ বছর আগে ২০১১ সালে রিলিজ করেছিল 'রকস্টার'। এর প্রায় সাত বছর পর ২০১৮ সালে নিজের এবং মুকেশ ছাবরারডেবিউ ফিল্ম 'দিল বেচারা'-র শ্যুটিং শুরু করেন সঞ্জনা। গত ৯ জুলাই টুইট করে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় জানিয়েছিলেন, ২০১৮ সালের ৯ জুলাই জামশেদপুরে 'দিল বেচারা'-র শ্যুটিং শুরু করেছিলেন তাঁরা। প্রসঙ্গত, ছবিতে সঞ্জনা ওরফে কিজি বসুর মা এবং বাবার চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং শাশ্বত চট্টোপাধ্যায়।
https://twitter.com/swastika24/status/1281277243109433344?s=19
ক্যানসারে আক্রান্ত কিজির জীবনে ইম্যানুয়েল রাজকুমার জুনিয়র ওরফে ম্যানির হিরোর মতো এন্ট্রি, কিজি-ম্যানির বন্ধুত্ব এবং সম্পর্কের রসায়ন, কিজির ছোট ছোট স্বপ্ন পূরণে ম্যানির আনন্দ পাওয়া এইসব নিয়েই এগোবে মুকেশ ছাবরার ডেবিউ ফিল্মের গল্প। আগামী ২৪ জুলাই ডিজনি হটস্টারে রিলিজ হবে এই ছবি।
এই সিনেমার সঙ্গীত পরিচালক এ আর রহমান। গান লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। মিউজিক রিলিজ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। দর্শকদের আশা মতোই 'দিল বেচারা'-র প্রতিটি গানই সুরে কথায় একদম ১০০ তে ১০০। সঞ্জনা নিজেও ছবির গান নিয়ে খুব উৎসাহী। তাঁর প্রথম স্ক্রিন প্রেজেন্স প্রজেক্টেও সুর দিয়েছিলেন জাদুকর রহমান। 'রকস্টার' এ আর রহমানের সব সৃষ্টির মধ্যে অন্যতম। মিউজিক ইন্ডাস্ট্রিতে মাইলস্টোন তৈরি করেছিল 'রকস্টার'-এর গান। সেই পথেই 'দিল বেচারা' এগোবে বলে মনে করছেন রহমান ম্যাজিকের ভক্তরা।