দ্য ওয়াল ব্যুরো: একের পর এক রেকর্ড ভাঙছে সুশান্ত সিন রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা'-র ট্রেলর। দর্শকদের প্রশংসা এবং উচ্ছ্বাস দেখে এটা স্পষ্ট যে সুশান্তের কেরিয়ারের অন্যতম সেরা ছবি হতে চলেছে মুকেশ ছাবরার এই সিনেমা। ২৪ ঘন্টায় ট্রেলরের ভিউ তিন কোটি ৪০ লাখ পেরিয়েছে। খুব দ্রুত যে এই ভিউ ৫০ কোটিতে পৌঁছবে সে ব্যাপারে নিশ্চিত সুশান্তের অগুনতি ভক্ত। শুধু ভিউ নয়, লাইকেও একগুচ্ছ বিখ্যাত ছবির ট্রেলরকে পিছনে ফেলেছে 'দিল বেচারা'। এর মধ্যেই ইউটিউবে ৬৬ লক্ষ পেরিয়েছে লাইকের সংখ্যা। কোটির ঘর ছুঁতে বেশি সময় লাগবে না বলেই মনে করছেন অনেকে।
আগামী ২৪ জুলাই ডিজনি হটস্টারে রিলিজ হবে এই ছবি। ২০১৪ সালে রিলিজ হয়েছিল হলিউড ছবি 'The Fault in our Stars'। এই সিনেমারই রিমেক 'দিল বেচারা'। জন গ্রিনের বিখ্যাত বই 'The Fault in our Stars'-এর উপর ভিত্তি করেই তৈরি হয়েছে ছবি। মিষ্টি তরুণী কিজি বসু আর ইম্যানুয়েল রাজকুমার জুনিয়র ওরফে ম্যানিরর গল্প দেখানো হয়েছে ছবিতে। মারণরোগ ক্যানসারের সঙ্গে কিজির প্রতি মুহূর্তের লড়াই আর তাঁর সব স্বপ্নকে সফল করতে চাওয়া ম্যানি এবং দু'জনের প্রেমের গল্প বিগ স্ক্রিনে দেখবেন দর্শকরা। সেই সঙ্গে শিখবেন 'ফ্রেন্ড জোন'-এর অন্য মানে। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে এই ছবিতে দেখা যাবে সঞ্জনা সাংহি-কে। লিড রোলে এটাই সঞ্জনার ডেবিউ ছবি। তবে স্ক্রিনে তিনি সুশান্তের অভিনয়ের সঙ্গে বেশ মানানসই ভাবে পাল্লা দেবে ছবির ট্রেলর অন্তত এ কথাই বলছে।
https://youtu.be/GODAlxW5Pes
অ্যাভেঞ্জার্স এন্ডেগেম'-এর ইউটিউব ভিউ আর লাইকের রেকর্ড আগেই ভেঙে দিয়েছে 'দিল বেচারা'-র ট্রেলর। এ বার লড়াই শাহরুখ খানের 'জিরো'-র সঙ্গে। ২৪ ঘণ্টায় ৫ কোটি ভিউ ছিল 'জিরো'-র ট্রেলরের। আপাতত সেটা ভাঙার লক্ষ্যেই দ্রুত গতিতে এগোচ্ছে 'দিল বেচারা'। এর আগে অক্ষয় কুমার এবং করিনা কাপুরের 'গুড নিউজ'-এর ২৪ ঘণ্টায় ভিউ ছিল ৩ কোটির থেকে সামান্য বেশি। আর প্রভাসের 'সাহো'-র ২৪ ঘণ্টায় ইউটিউব ভিউ ছিল ৩ কোটি দশ লক্ষ। তবে সেই সব রেকর্ড ভেঙে দিয়েছে সুশান্তের 'দিল বেচারা'।
অন্যান্য সব ছবির মতোই এই সিনেমাতেও সুশান্তের ইউএসপি হতে চলেছে তাঁর সাবলীল অভিনয় এবং প্রাণখোলা হাসি। তবে 'দিল বেচারা'-য় সুশান্তের প্রতিটা মুহূর্তের অভিনয় উপভোগের পাশাপাশি অভিনেতাকে মিসও করবেন দর্শকরা। ঠোঁটের কোণে চিলতে হাসির সঙ্গে ভিজবে চোখও। কারণ না চাইতেও বারবার মনে পড়বে যে সুশান্ত আর নেই। সঞ্জনা এবং সুশান্ত ছাড়া এই ছবিতে রয়েছে দুই বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবির গল্পের সঙ্গে সঙ্গে 'দিল বেচারা'-র গানও নিঃসন্দেহে জনপ্রিয় হবে দর্শকমহলে। কারণ এই সিনেমার সঙ্গীত পরিচালনায় দায়িত্বে রয়েছে স্বয়ং এ আর রহমান। আর গান লিখেছেন অমিতাভ ভট্টাচার্য।
এখন অপেক্ষা শুধু ২৪ জুলাইয়ের।