
শেষ আপডেট: 15 January 2020 08:47
মুম্বইয়ের মাফিয়া কুইন ছিলেন গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি। যৌনকর্মী থেকে ধীরে ধীরে আন্ডারওয়ার্ল্ডের দুনিয়ার অন্যতম একজন হয়ে উঠেছিলেন এই গঙ্গুবাঈ। রমরমিয়ে বেড়েছিল ব্যবসার পরিমাণ। এই গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ির জীবনের নানা দিকই এবার বিগস্ক্রিনে দেখাবেন পরিচালক বনশালী। হুসেন জাইদির 'মাফিয়া কুইনস অফ মুম্বই' বইয়ের অবলম্বনেই এই সিনেমা বানিয়েছেন পরিচালক। ইতিমধ্যেই রিলিজ করেছেন ছবির ফার্স্ট লুক।
একদম অন্যধরনের লুকে এবার ধরা দিয়েছেন মহেশ কন্যা। চোখে গাঢ় কাজল, কপালে বড় সিঁদুরের টিপ, তীক্ষ্ণ চাউনিন নাকে নথ, গলায় মোটা হার----সব মিলিয়ে আলিয়ার চেহারা যেন কেমন ভয় ধরাচ্ছে। আর একটি পোস্টারে অবশ্য একদম কিশোরী রূপে দেখা গিয়েছে আলিয়াকে। পরনে সাধারণ রংচটা পোশাক, দু'পাশে বিনুনি বাঁধা, চেহারায় মেকআপের আতিশয্যে বোঝা যাচ্ছে যৌনপল্লীর একজন আলিয়া। এ বছর ১১ সেপ্টেম্বর রিলিজ হবে বনশালীর নতুন ছবি 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'।
পরিচালক ছাড়াও আলিয়ার নয়া লুক শেয়ার করেছেন অভিনেত্রী স্বয়ং। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শও টুইট করেছেন ছবির পোস্টার। 'হাইওয়ে', 'রাজি', 'উড়তা পাঞ্জাব'----এইসব ছবির পর দর্শকমহল এখন জানেন পর্দায় আলিয়া থাকা মানেই নতুন কিছু প্রাপ্তি। আর পরিচালক যখন সঞ্জয় লীলা বনশালি তখন ছবির গান, বিলাসবহুল সেটের পাশাপাশি আলিয়ার সেরা অভিনয়টাও যে দর্শকদের তিনি উপহার দেবেন এ ব্যাপারে নিশ্চিত সিনেমাপ্রেমীরা। এখন কেবল সঠিক সময়ের অপেক্ষা।