
শেষ আপডেট: 5 March 2020 01:30
আইনি বিয়ে মিটেছে গত ডিসেম্বরে। রিসেপশনের জমকালো পার্টির পালাও শেষ। কিন্তু তারপরেও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং সৃজিত-মিথিলা। অনেকে ইতিমধ্যেই এই তারকা দম্পতিকে ‘সৃজিলা’ নামেও ডাকতে শুরু করেছেন। গত ২৯ ফেব্রুয়ারি স্বভূমির রাজকুটীরে বসেছিল সৃজিত মুখোপাধ্যায় এবং মিথিলার রিসেপশন পার্টির আসর। জমকালো সন্ধ্যায় হাজির হয়েছিলেন টলিপাড়ার প্রায় সব তারকাই।
তবে সবার মাঝে নজর কেড়েছিলেন মিথিলাই। সাবেকি সাজে ওপার বাংলার কনেকে লাগছিল অপরূপ সুন্দরী। ডিজাইনার পাঞ্জাবি আর লাল ধুতিতে পাল্লা দিচ্ছিলেন সৃজিতও। মায়ের মতোই লাল পোশাকে সেজেছিল ছোট্ট আইরাও। দেখে আন্দাজ শাড়িই পরেছিল সে। ইতিমধ্যেই টুইটার থেকে ইনস্টাগ্রাম সবেতেই ভাইরাল সৃজিত-মিথিলার রিসেপশন পার্টির ছবি। টলিপাড়ার নিমন্ত্রত তারকাদের প্রায় সকলেই নতুন বর-বউয়ের সঙ্গে তোলা ছবি শেয়ার করেছেন।
ছবি শেয়ারের তালিকায় রয়েছে স্বয়ং সৃজিত-মিথিলাও। দুই তারকাই যে রবীন্দ্রনাথের ভক্ত একথা আগেই জানা ছিল। কবিগুরুর গানকেই তাই নিজের ছবির ক্যাপশন হিসেবে বেছে নিয়েছেন মিথিলা। নিজের চারটি ছবি শেয়ার করে সৃজিতের উদ্দেশে লিখেছেন, “ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে...”। সৃজিতকে যে মিথিলা চোখে হারাচ্ছেন মিথিলার টুইটেই তা স্পষ্ট। এদিকে রিসেপশনের পরের দিনই ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর শ্যুটিংয়ের জন্য আফ্রিকা উড়ে গিয়েছেন সৃজিত। নানা কাজে ব্যস্ত মিথিলাও। তবে নেট দুনিয়ায় এখন এই জুটিই সেনসেশন।