দ্য ওয়াল ব্যুরো: দেখতে দেখতে দুটো বছর পার হয়ে গিয়েছে। জনমানসে ফিকে হয়েছে শোক। কিন্তু আজও প্রতিটা দিন মাকে মিস করেন জাহ্নবী কাপুর। শ্রীদেবীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে একথাই জানালেন তিনি।
ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে ছোট্টবেলার একটা ছবি শেয়ার করেছেন জাহ্নবী। ছবি দেখেই বোঝা যাচ্ছে শ্রীদেবীর সঙ্গে তখন খেলায় মেতেছিলেন ছোট্ট জাহ্নবী। মা-মেয়ের খুনসুটির মুহূর্তও ধরা পড়েছে ওই ছবিতে। ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করে জাহ্নবী লিখেছেন, "মা তোমায় রোজ মিস করি।"
https://www.instagram.com/p/B87A1cLFUpX/?utm_source=ig_web_copy_link
২৪ ফেব্রুয়ারি, ২০১৮। দু'বছর আগে এই দিনটাই অভিশাপ হয়ে নেমে এসেছিল বলিউডে। সুদূর দুবাই থেকে খবর এসেছিল ‘শ্রীদেবী আর নেই’। অভিনেত্রীর এ হেন আচমকা মৃত্যুতে ভেঙে পড়েছিল বলিউড। শোকে হতভম্ব হয়ে গিয়েছিলেন কাপুর পরিবারও। পারিবারিক বিয়ের অনুষ্ঠানে দুবাই গিয়েছিলেন ‘শ্রী’। আর সেখানেই সব শেষ হয়ে গিয়েছিল। বন্ধ বাথরুমের ভিতর থেকে উদ্ধার হয়েছিল বলিউড ডিভার নিথর দেহ।
গত বছর মায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতেও ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট শেয়ার করেছিলেন জাহ্নবী। লিখেছিলেন, “আমার হৃদয়ে সবসময়ই যন্ত্রণা থাকবে। তবুও আমি হাসবো মা। কারণ আমার হাসি আর মন জুড়ে তুমিই আছো।” গত বছর যে ছবি শেয়ার করেছিলেন সেখানে দেখা গিয়েছিল শ্রীদেবীর হাতের উপর রাখা রয়েছে জাহ্নবীর হাত। অনুমান, খুব ছোটবেলায় মায়ের কোলে বসেই এই ছবি তুলেছিলেন সবার আদরের ‘জানু’। এই ছবি শেয়ার করেই জাহ্নবী বুঝিয়েছিলেন মাকে তিনি কতটা মিস করেন।
https://www.instagram.com/p/BuOra4rn8L2/?utm_source=ig_web_copy_link