দ্য ওয়াল ব্যুরোঃ বলিউডে মাদক যোগের অভিযোগে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সমন পাঠিয়েছে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রকুলপ্রীত সিংয়ের মতো নায়িকাদের। আর এভাবে একের পর এক নাম উঠে আসার পরে স্বভাবতই প্রশ্ন উঠছে শুধু অভিনেত্রীরা কেন, এনসিবির সমনের তালিকায় এখনও পর্যন্ত তো কোনও অভিনেতার নাম উঠে আসেনি। আর এই প্রশ্নই শোনা গেল টলিউডের অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর মুখে। বলিউডের ‘পুরুষতন্ত্রকে’ সজোরে আঘাত করলেন তিনি।
একটি টুইট করে নিজের প্রতিবাদ জানান মিমি চক্রবর্তী। টুইটে তিনি লেখেন, “হ্যাঁ পুরুষতন্ত্র, বলিউডে নায়িকারাই শুধু মাদক সেবন করেন। আর পুরুষরা খালি রান্না করেন, ঘর পরিষ্কার করেন আর হাতজোড় করে ভগবানের কাছে প্রার্থনা করেন ‘ভগবান ওদের রক্ষা কর।”
https://twitter.com/mimichakraborty/status/1309111311729659906?s=19
মিমির এই টুইট থেকেই পরিষ্কার বলিউডে যেভাবে একের পর এক অভিনেত্রীদের নাম উঠে আসছে তাতে তিনি বিরক্ত। বিশেষভাবে দীপিকা পাড়ুকোনের নাম উঠে আসার পরে তো চোখ কপালে উঠেছে অনেকেরই। কারণ দীপিকা বর্তমানে বলিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে একজন। আর এই জায়গা তিনি নিজেই তৈরি করেছেন। অভিনয়ের জোরে পুরুষদের সমকক্ষ বা তাঁদের থেকেও বেশি উঁচুতে ওঠার জন্যই কি খেসারত দিতে হচ্ছে দীপিকাকে? প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়াতে। সেই প্রশ্নকেই আরও খানিকটা জোরালো করল মিমির এই টুইট।
বলিউড থেকে শুরু করে টলিউড, অসাম্যের অভিযোগ বারবার উঠেছে। দুই ইন্ডাস্ট্রিতেই অনেক সময় অভিনেত্রীরা দাবি করেছেন, তাঁদের থেকে অনেক অনেক বেশি টাকা পান অভিনেতারা। অথচ সমান এমনকি কখনও অভিনেতাদের থেকেও বেশি পরিশ্রম করতে হয় তাঁদের। আর এই অসাম্যের অভিযোগ আজকের নয়, সেই নব্বইয়ের দশক বা তারও আগে থেকে উঠে আসছে। বর্তমানে তাপসী পান্নুদের মতো কিছু অভিনেত্রী সরাসরি সেই অভিযোগ এনেছেন সংবাদমাধ্যমে। তাই হয়তো অনেকেই মুখ খুলছেন। আগে এতটা প্রতিবাদ হত না।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে তদন্ত করতে গিয়ে মাদক যোগে নাম উঠে আসে তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীর। তারপরে একে একে দীপিকা, সারা, শ্রদ্ধা, রকুলপ্রীতদের সমন পাঠিয়েছে এনসিবি। অথচ সলমন খানের মতো তারকার নাম উঠলেও তাঁর বিরুদ্ধে কোনও সমন যায়নি। পরিচালক-প্রযোজক হিসেবে পুরুষদের নাম উঠলেও প্রথম সারির নায়কদের নাম কিন্তু জড়ায়নি। এটা কি তদন্তের খাতিরে। নাকি এর পিছনেও সেই পুরুষতন্ত্রের ছায়া। টুইট করে প্রশ্ন তুললেন মিমি।