দ্য ওয়াল ব্যুরো: করোনা সতর্কতায় সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন অমিতাভ বচ্চন। বলিউডের আরও অনেক তারকাই নিজেদের সেলফ আইসোলেশনে রেখেছেন। কেউ বই পড়ে, কেউ বা জিম করে কিংবা পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন। তবে সেলফ কোয়ারেন্টাইনে থেকে বিগ বি যা করেছেন তা দেখে অভিভূত নেটিজেনরা। প্রায় সকলেই বলছেন, 'এই বয়সেও কী স্ট্যামিনা বিগ বি'র। সত্যিই ভাবা যায় না।'
সদ্যই নিজের কিশোর বয়সের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন অমিতাভ। লিখেছিলেন, 'যাহ আমি বুড়ো হয়ে যাচ্ছি।' নেট দুনিয়া অবশ্য এমনটা মানতে নারাজ। তাঁদের কাছে অমিতাভ মানেই এখনও 'অ্যাংরি ইয়ং ম্যান'। এবার সেটা প্রমাণ করলেন বিগ বি নিজেই। মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। দেখা গিয়েছে হোম আইসোলেশনে থাকাকালীন জিম করে নিজেকে ফিট রাখছেন অমিতাভ। শুধু তাই নয় সবাইকেই ফিট এবং সুস্থ থাকার পরামর্শও দিয়েছেন তিনি।
https://www.instagram.com/p/B-HFCALhFLJ/?igshid=4ylgwm0dlnyp
ইনস্টাগ্রামে জিম সেশনের পোস্ট শেয়ার করে অমিতাভ লিখেছেন, 'জিম করা বন্ধ করবেন না। প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। সামনে অনেক লড়াই।'
বিটাউনের তরুণ তারকাদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে বিগ বি'র এই 'ওয়ার্ক আউট মন্ত্র'। সিদ্ধার্থ মালহোত্রা, মৌনি রায় ও আরও অনেকেই কমেন্ট করে লিখেছেন, 'এই বয়সে আপনার এত এনার্জি সত্যিই ভাবা যায় না। প্রতি মুহূর্তে আমাদের অনুপ্রেরণা দেন আপনি।'