
শেষ আপডেট: 14 February 2020 08:02
অনেকদিন ধরে শোনা গিয়েছিল নতুন ছবি নিয়ে কামব্যাক করছেন পরিচালক সৌকর্য ঘোষাল। 'রক্ত রহস্য' নামের এই ছবির মূল চরিত্রে রয়েছেন কোয়েল। তাঁর চরিত্রের নাম স্বর্ণজা। পেশায় রেডিও জকি স্বর্ণজার জীবন কীভাবে একটা অজানা ফোনকলের পর আমূল বদলে যাবে তাই নিয়েই এগোবে সৌকর্যর নতুন ছবির গল্প। 'মিতিন মাসির' পর ফের রহস্য রোমাঞ্চে ভরপুর ছবি নিয়ে পর্দায় আসছেন কোয়েল মল্লিক। টানটান এই থ্রিলারের প্রযোজনায় রয়েছে সুরিন্দর ফিল্মস।
অনেকদিন আগেই ছবির শ্যুটিং শেষ হয়েছে। অপেক্ষা ছিল ছবি মুক্তির দিন ঘোষণার। পরিচালক জানিয়েই দিলেন যে এই পয়লা বৈশাখেই বক্স অফিসে আসছে 'রক্ত রহস্য'। সৌকর্য জানিয়েছেন এই থ্রিলার ছবি কিন্তু আবেগে ভরপুর। ইতিমধ্যেই রিলিজ হয়েছে ছবির প্রথম পোস্টার। যেখানে দেখা গিয়েছে, ভীত-সন্ত্রস্ত হয়ে ছুটছেন কোয়েল মল্লিক। পিছনে তাড়া করছেন একজন। লাল-কালো ব্যাকগ্রাউন্ডের এই পোস্টার দেখেই বোঝা যাচ্ছে যে রহস্য-রোমাঞ্চ-অ্যাকশন-থ্রিলারে ভরপুর হতে চলেছে সৌকর্য ঘোষালের নতুন ছবি।
এর আগে রেনবো জেলি ছবিতে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন সৌকর্য। হল পাওয়া নিয়ে সমস্যা হলেও দর্শকদের মনে দাগ কেটেছিল এই ছবি। এবার থ্রিলার নিয়ে পর্দায় আসছেন পরিচালক। এখন অপেক্ষা ট্রেলর রিলিজের। বক্স অফিসে কোয়েল-সৌকর্য জুটির নতুন ছবি কেমন সাফল্য পায় সেটাই এখন দেখার।