দ্য ওয়াল ব্যুরো: অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন বলিউড প্রযোজক করিম মোরানি। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে পরপর দু’বার তাঁর টেস্ট রিপোর্ট নেগেটিভ আসায় আপাতত তাঁকে সুস্থ বলে ঘোষণা করেছে হাসপাতাল। ১৭ এপ্রিল শেষ যে টেস্ট হয়েছিল তার রিপোর্ট নেগেটিভ আসায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে করিম মোরানিকে। আপাতত বাড়িতে অত্যন্ত সাবধানে এবং ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলে হয়েছে তাঁকে।
গত ৮ এপ্রিল প্রথম ধরা পড়ে যে করোনায় আক্রান্ত হয়েছেন করিম মোরানি। কোনও উপসর্গ অবশ্য দেখা যায়নি। কিন্তু এর আগেই তাঁর দুই মেয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন। ফলে মেয়েদের সংস্পর্শে থাকায় প্রযোজকের লালারসের নমুনাও টেস্ট করা হয়। রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে ভর্তি করা হয় মুম্বইয়ের নানাবতী হাসপাতালে। প্রায় ২ সপ্তাহ হাসপাতালে থাকার পর অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রযোজক। স্বস্তিতে পরিবার। কারণ করম মোরানির বয়স এখন ৬০-এর গোড়ায়। ইতিমধ্যেই দু’বার হার্ট অ্যাটাকও হয়েছে। তাই যতদিন না সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরছিলেন অজানা আশঙ্কায় আতঙ্কে ছিল পরিবার। তবে আপাতত স্বস্তি মোরানি পরিবারে।
অন্যদিকে করিম মোরানির দুই মেয়ে শাজা এবং সোহা ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মার্চের শুরুতে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছিলেন শাজা। এবং মার্চ মাসের মাঝামাঝি রাজস্থান সফর সেরে মুম্বই ফেরেন সোহা। এরপরেই করোনা আক্রান্ত হন দুই বোন। প্রাথমিক ভাবে শাজার শরীরে কোভিড-১৯ সংক্রমণের লক্ষণ দেখা গেলেও সোহার কোনও উপসর্গই দেখা যায়নি। মুম্বইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শাজা। আর সোহার চিকিৎসা হয়েছে কোকিলাবেন ধীরুভাই হাসপাতালে।
সুস্থ হয়ে বাড়ি ফিরে স্বস্তিতে রয়েছেন প্রযোজক নিজেও। বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। বলেছেন, "সকলের প্রার্থনা এবং আশীর্বাদেই সুস্থ হয়ে উঠেছি।" পাশাপাশি হাসপাতালের সকলকেও কুর্নিশ জানিয়েছেন তিনি। নানাবতী হাসপাতালে ডাক্তার-নার্য এবং স্বাস্থ্যকর্মীদের প্রশংসায় পঞ্চমুখ করিম মোরানি বলেছেন, "ওখানে কোনও অসুবিধা হয়নি। সকলেই খুব যত্ন নিয়েছেন। সরকার এবং মেডিক্যাল প্রফেশনে যুক্ত প্রত্যেকে দারুণ কাজ করছেন। ওঁদের সকলকে কুর্নিশ এবং অসংখ্য ধন্যবাদ।"