দ্য ওয়াল ব্যুরো: বিতর্কিত টুইট করায় রঙ্গোলি চান্দেলের জুড়ি মেলা ভার। এতদিন অবশ্য শুধু টুইটেই যুদ্ধ চলেছে তাঁর বিতর্কিত মন্তব্য নিয়ে। তবে এবার নিয়ম ভাঙা বেফাঁস টুইট করায় বিপাকে পড়েছেন তিনি। টুইটার থেকে সাসপেন্ড করা হয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের দিদি রঙ্গোলি চান্দেলের অ্যাকাউন্ট। সম্প্রতি মোরাদাবাদে পুলিশ এবং স্বাস্থ্যকর্মীদের উপর পাথর ছোঁড়ার ঘটনা নিয়ে একটি টুইট করেন রঙ্গোলি। আর তারপরেই শুরু হয় সমস্যা।
পরিচালক রিমা কাদগি রঙ্গোলির টুইট প্রসঙ্গে মুম্বই পুলিশকে ট্যাগ করে লেখেন, “আপনাদের কী মনে হচ্ছে না যে এই বার্তা দিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে এবং একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে নিশানা করে অশান্তি ছড়ানো চেষ্টা চলছে এবং বিভ্রান্ত করা হচ্ছে সাধারণ মানুষকে। প্লিজ এইসবের বিরুদ্ধে আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নিন।“
https://twitter.com/kagtireema/status/1250619639295438849
তবে কেবল রিমা নন, রঙ্গোলির টুইট নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী কুবরা সইদ। সাফ জানিয়েছেন, টুইটারে তিনি ব্লক করছেন রঙ্গোলিকে। জুয়েলারি ডিজাইনার ফারহা খান আলিও রয়েছেন এই দলে। রঙ্গোলির অ্যাকাউন্ট সাসপেন্ড করার জন্য টুইটার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি বলেছেন, “আমি রঙ্গোলির টুইটে রিপোর্ট করেছি কারণ ও একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে নিশানা বানিয়েছিল। আর নিজেকে নাৎসিদের সঙ্গে তুলনা করে বলেছিল নিরপেক্ষ মিডিয়ার সঙ্গে ওদেরকেও গুলি মারো।“
https://twitter.com/FarahKhanAli/status/1250676540230131712
তবে অসংখ্য লোকের রিপোর্টে তাঁর টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেলেও কোনও হেলদোল নেই রঙ্গোলি চান্দেলের। বরং পুরনো মেজাজেই টুইটারের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। বলেছেন, “এটা একটা অ্যামেরিকান প্ল্যাটফর্ম। এবং ভীষণভাবে একপেশে ও ভারত বিরোধী। এখানে হিন্দু দেবদেবী সম্পর্কে মজা করা যায়। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে জঙ্গি বলা যায়। কিন্তু পুলিশ এবং স্বাস্থ্যকর্মীদের উপর যাঁরা পাথর ছুঁড়ে আক্রমণ করছে তাঁদের বিরুদ্ধে কিছু বললে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়। এরকম একটা প্ল্যাটফর্মকে নিজের সৎ চিন্তাভাবনা এবং মতামত দিয়ে উদ্বুদ্ধ করার কোনও বাসনা আমার নেই।“ পাশাপাশি রঙ্গোলি এও বলেছেন যে টুইটারে নিজের অ্যাকাউন্ট রিট্রিভ করবেন না তিনি।
রঙ্গোলি আরও বলেছেন যে তিনি তাঁর বোন কঙ্গনার মুখপাত্র। তাই এবার সরাসরি সাক্ষাৎকার দিয়ে যা বলার কঙ্গনাই বলবেন। রঙ্গলির কথায়, “কঙ্গনা একজন বড় তারকা। এমন একটা একপেশে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে বয়কট করেও আসল কথা প্রকাশ্যে বলার অনেক রাস্তা রয়েছে ওর কাছে।“ এর আগেও বিভিন্ন সময়ে নানারকম বিতর্কিত টুইট করেছেন রঙ্গোলি। নেটিজেনদের একাংশ হামেশাই বলে থাকেন যে প্রচারের আলোয় থাকার জন্যই এইসব করেন রঙ্গোলি। তাঁর পছন্দের বিষয় হল নেপোটিজম বা স্বজনপোষণ। আর এই বিষয়ে এর আগে একাধিকবার আলিয়া ভাট, তাপসী পান্নু ও আরও অনেককে কটাক্ষ করেছেন তিনি। সে নিয়ে বিস্তর জলঘোলাও হয়েছে সেই সময়। তবে এবার একাধিক রিপোর্টের জেরে রঙ্গোলির টুইটার অ্যাকাউন্টই সাসপেন্ড হয়ে গিয়েছে।