দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এক জায়গায় জমায়েত বা ভিড় করতে বারবার বারণ করছেন বিশেষজ্ঞরা। আর তাই নিরাপত্তার খাতিরে বিভিন্ন রাজ্যের সিনেমা হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। দিল্লি, জম্মু-কাশ্মীর, কেরল, কর্নাটক, মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যে ৩১ মার্চ পর্যন্ত প্রেক্ষাগৃহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
ইতিমধ্যেই বেশ কিছু সিনেমা চলতি মাসেই রিলিজ হয়েছে। তারই মধ্যে অন্যতম ইরফান খানের কামব্যাক ছবি ‘আংরেজি মিডিয়াম’। গতকাল অর্থাৎ ১৩ মার্চ মুক্তি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবি। ২৪ ঘণ্টায় বক্স অফিসে ব্যাপক সাড়াও ফেলেছে ‘আংরেজি মিডিয়াম’। তবে যে ভাবে সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তাতে ব্যবসায়িক সাফল্যে ঘাটতি হতে পারে এই ছবির। সেই জন্যই পরিচালক হোমি আদাজানিয়া জানিয়েছেন, নতুন করে রিলিজ করা হবে ‘আংরেজি মিডিয়াম’।
ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করে হোমি জানিয়েছেন, পরিস্থিতি ঠিক হলেই ফের নতুনভাবে রিলিজ করা হবে ছবি। ততদিক পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার এবং একে অন্যের প্রতি ধৈর্যশীল হওয়ার বার্তা দিয়েছেন পরিচালক।
আগামী ২৪ মার্চ রোহিত শেট্টির ছবি ‘সূর্যবংশী’-ও রিলিজ হওয়ার কথা ছিল। তবে করোনা আতঙ্কের জেরে ছবির রিলিজ পিছিয়ে দিয়েছে পরিচালক। কবে রিলিজ হবে ‘সূর্যবংশী’ সে ব্যাপারে অবশ্য এখনও কিছু জানা যায়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেই ‘সিংহম’ সিরিজের চার নম্বর ছবি রিলিজ করবেন বলে জানিয়েছেন রোহিত শেট্টি।
ইতিমধ্যেই ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। শনিবারও নতুন করে দু’জনের শরীরে মিলেছে সংক্রমণের চিহ্ন। এই নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৮৩ জন।