আত্মঘাতী মারাঠি অভিনেতা আশুতোষ, মানসিক অবসাদে ভুগছিলেন তিনি, জানিয়েছে পরিবার
দ্য ওয়াল ব্যুরো: দেড় মাস হয়ে গেল মারা গিয়েছেন সুশান্ত সিং রাজপুত। অভিনেতার আকস্মিক এবং মর্মান্তিক পরিণতি নাড়িয়ে দিয়েছে সকলকে। ক্যালেন্ডারে মাস ঘুরলেও সুশান্তকে ভুলতে পারেননি অনেকেই। এই দুঃখের রেশ কাটার আগেই ফের এক অভিনেতার আত্মহত্যার খবর পা
শেষ আপডেট: 30 July 2020 10:44
দ্য ওয়াল ব্যুরো: দেড় মাস হয়ে গেল মারা গিয়েছেন সুশান্ত সিং রাজপুত। অভিনেতার আকস্মিক এবং মর্মান্তিক পরিণতি নাড়িয়ে দিয়েছে সকলকে। ক্যালেন্ডারে মাস ঘুরলেও সুশান্তকে ভুলতে পারেননি অনেকেই। এই দুঃখের রেশ কাটার আগেই ফের এক অভিনেতার আত্মহত্যার খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, আত্মঘাতী হয়েছেন মারাঠি অভিনেতা আশুতোষ ভাখরে। বয়স হয়েছিল মাত্র ৩২ বছর।
গতকাল বুধবার দুপুরে মারাঠাওয়াড়ার নন্দেড় শহরে নিজের ফ্ল্যাটেই আত্মঘাতী হয়েছেন তিনি। মধ্য মহারাষ্ট্রের গণেশ নগর এলাকায় থাকতেন আশুতোষ। পুলিশ সূত্রে খবর, আশুতোষকে প্রথম ঝুলন্ত অবস্থায় দেখেন তাঁর বাবা-মা। তাড়াতাড়ি তাঁরা খবর দেন পুলিশে। ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে অভিনেতার দেহ। জানা গিয়েছে, আশুতোষের স্ত্রী ময়ূরী দেশমুখও জনপ্রিয় মারাঠি অভিনেত্রী। নিজের আত্মহত্যার জন্য কাউকেই দায়ী করেননি অভিনেতা।

কী কারণে আশুতোষ আত্মহত্যা করেছেন সে ব্যাপারে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। তবে অভিনেতার পরিবার সূত্রে খবর, কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। মানুষ কেন আত্মহত্যা করে এই প্রসঙ্গে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছিলেন আশুতোষ। কী কারণে অভিনেতা মানসিক অবসাদে ভুগছিলেন, কেনই বা তিনি আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিলেন তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আশুতোষের পরিবারের সদস্যদের।
এর আগে সুশান্তের মৃত্যুর পরপরই মাত্র ৩০ বছর বয়সে নিজেকে শেষ করে দেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা সুশীল গৌড়া। কর্নাটকের মান্ড্য জেলায় নিজের বাড়িতেই আত্মহত্যা করেন এই অভিনেতা। ঠিক কী কারণে এমনটা ঘটালেন তিনি, তা নিয়ে এখনও অন্ধকারে তদন্তকারীরা। কন্নড় ভাষায় বহু ছবিতে অভিনয় করেছেন সুশীল। টেলিভিশনেও জনপ্রিয় অভিনেতা ছিলেন তিনি। কন্নড় টেলিভিশনে ‘অন্তঃপুরা’ বলে একটি ধারাবাহিকে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছিলেন সুশীল। ফিটনেস ট্রেনার হিসেবেও বিখ্যাত ছিলেন তিনি। কয়েক দিন বাদেই মুক্তি পাওয়ার কথা ছিল দুনিয়া বিজয়ের পরিচালনায় সুশীলের নতুন ছবি ‘সালাগা’। তার আগেই ঘটল অঘটন।