দ্য ওয়াল ব্যুরো: 'দিল বেচারা......ফ্রেন্ড জোন কা মারা'------ফ্রেন্ড জোনের নতুন সংজ্ঞা শেখাবে এই গান।
ট্রেলরেই আভাস পাওয়া গিয়েছিল 'টাইটেল ট্র্যাক'-এর। আর তখন থেকেই এ আর রহমানের গলায় 'দিল বেচারা' শোনার জন্য অপেক্ষা করছেন দর্শকরা। রহমানের সুর আর অমিতাভ ভট্টাচার্যর লিরিক্সে দর্শকরা যে আবার দারুণ একটা কম্পোজিশন উপহার পাবেন সে ব্যাপারে সকলেই প্রায় নিশ্চিত। সেই সঙ্গে মুকেশ ছাবরার এই ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে সুশান্ত সিং রাজপুত এবং অনেকটা আবেগ। তাই সিনেমা এবং তার গান সবেতেই প্রাপ্তির পরিমাণ বোধহয় সর্বাধিক।
'দিল বেচারা'-র সঙ্গীত পরিচালক এ আর রহমান নিজেই টুইট করে জানিয়েছেন আগামীকাল অর্থাৎ শুক্রবার দুপুর ১২টায় রিলিজ হবে ছবির টাইটেল ট্র্যাক। সুরের জাদুকরের ভক্তদের মধ্যে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউনের পর্ব। মিউজিক রিলিজের আগে ইউটিউবে মুক্তি পেয়েছে টিজারও। যার সবটুকু জুড়ে রয়েছেন সুশান্ত সিং রাজপুত আর তাঁর পরিচিত ঝকঝকে হাসি। আর এই গান যে স্পেশ্যাল হতে চলেছে তার আভাস দিয়েছেন রহমান নিজেই। টুইট করে তিনি লিখেছেন, 'দিল বেচারার এই গান ম্যানির অসাধারণ হৃদয়ের গল্প বলবে। কিজির জীবনে ম্যানি কী ভাবে আশা আর ভালবাসার নিয়ে আসবে সেই কথা বলবে।"
https://twitter.com/i/status/1281104945744240642
এই গানে সুশান্তের কোরিওগ্রাফি করেছেন ফারহা খান। গান রিলিজের আগে রিহার্সালের সব মুহূর্ত এখন একদম তাজা হয়ে উঠেছে ফারহার কাছে। তিনি বলেছেন, "১৩ সেকেন্ডের টিজার দেখেই সব মনে পড়ছে। কী ভীষণ জীবন্ত, কী ভীষণ উত্তেজনায় ভরপুর লাগছে সুশান্তকে। হাসিখুশি লাগছে ওকে। এই গানটা আমরা কাছে আজীবন খুব স্পেশ্যাল হয়ে থাকবে।" ফারহা আরও বলেছেন, "একদিন টানা রিহার্সাল করেছিলাম আমরা। তবে অর্ধেক দিনের নিখুঁত ভাবে গোটা গানের শ্যুটিং শেষ করেছিল সুশান্ত। পুরস্কার হিসেবে আমায় বলেছিল ওর জন্য বাড়ির খাবার বানিয়ে নিয়ে যেতে। আমি নিয়েও গিয়েছিলাম।"
টেলিভিশনে অভিনয় করার সময় বিভিন্ন রিয়েলিটি শোতেও এসেছেন সুশান্ত। কখনও প্রতিযোগী হিসেবে। পরবর্তী কালে বলিউডে কাজ করার সময় কখনও বা সেলিব্রিটি গেস্ট হিসেবে। ফারহা বলেছেন, "একটা ড্যান্স রিয়েলিটি শোতে আমি বিচারক ছিলাম। সুশান্ত এসেছিল সেলিব্রিটি গেস্ট হিসেবে। আর প্রতিযোগীদের থেকেও ওর নাচ বেশি ভাল হয়েছিল।"
https://youtu.be/qgLzKpNSiS4
দিল্লিতে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় থেকেই নাচের ব্যাপারে প্যাশন ছিল সুশান্তের। তখন থেকেই শমক দাভারের ট্রুপে নাচ শিখেছেন এবং স্টেজে পারফর্ম করেছেন দীর্ঘদিন। অভিনেতা হিসেবে কেরিয়ার শুরুর আগে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে স্টেজ শেয়ারও করেছেন সুশান্ত। ধুম-২ ছবিতে টাইটেল ট্র্যাকে হৃতিক এবং ঐশ্বর্য সঙ্গে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে হাজির ছিলেন সুশান্ত সিং রাজপুতও।