দ্য ওয়াল ব্যুরো: ক'দিন আগেই কলকাতা ময়দানে বাইচুং ভুটিয়ার সঙ্গে ফুটবল নিয়ে কসরত করতে দেখা গিয়েছিল দেবকে। পাহাড়ি বিছের সঙ্গে অভিনেতাকে ময়দানে দেখে প্রশ্ন জেগেছিল অনেকেরই মনে। তাহলে কী দেবের পরের ছবিতে ফুটবলের যোগ রয়েছে। সেসময় খোলসা করে দেব নিজেই জানিয়েছিলেন ভারতীয় ফুটবলের প্রাণপুরুষ নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর বায়োপিক আসতে চলেছে। বড় পর্দায় ফুটবলের এই মহারথীর চরিত্রেই এবার অভিনয় করবেন তিনি।
ছবির ফাইনাল কাস্টিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এবার প্রকাশ্যে এল 'গোলন্দাজ'-এর মোশন পোস্টার। ২৬ জানুয়ারি সকালেই ছবির টিজার টুইটারে প্রকাশ করেছেন দেব। 'গোলোন্দাজ' ছবিটি পরিচালনা করছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। দেবের বাবার চরিত্রে অভিনয় করবেন শ্রীকান্ত আচার্য। সিনেমায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্যও। তাঁর চরিত্রের নাম ভার্গব। দেবের স্ত্রীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ঈশা সাহাকে। শোভাবাজারের রানি কমলিনীর ভূমিকায় অভিনয় করছেন তিনি। সিনেমায় রয়েছেন ইন্দ্রাশিস আচার্যও।
https://twitter.com/i/status/1221290343355703297
বাঙালির কাছে ফুটবল মানে আবেগ, নস্ট্যালজিয়া। সেই আবেগকেই এবার বড়পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ছবির ইউএসপি ভারতীয় ফুটবলের প্রাণপুরুষ নগ্রেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। হালফিলে বেশ কয়েকটি ছবিতে একদম অন্য ধরনের চরিত্রে অভিনয় করেছেন দেব। এবার ফুটবলারের চরিত্রে তিনি দর্শকদের কতটা মনজয় করতে পারেন সেটাই দেখার।