'চারটে ছবি নিয়ে কথা হয়েছিল সুশান্তের সঙ্গে, তবে ওঁকে আমি বাদ দিইনি', পুলিশকে জানালেন বনশালি
দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সোমবার বান্দ্রা থানায় প্রায় ঘণ্টা তিনেক বলিউড পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। রেকর্ড করা হয়েছে পরিচালকের বয়ান। আর সেখানেই বনশালি জানিয়েছেন, কেন তাঁর এবং সুশান্তের একসঙ
শেষ আপডেট: 7 July 2020 13:32
দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সোমবার বান্দ্রা থানায় প্রায় ঘণ্টা তিনেক বলিউড পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। রেকর্ড করা হয়েছে পরিচালকের বয়ান। আর সেখানেই বনশালি জানিয়েছেন, কেন তাঁর এবং সুশান্তের একসঙ্গে কাজ করা হয়নি।
শোনা গিয়েছে, ইন্ডাস্ট্রিতে সুশান্ত ছিলেন বনশালির অন্যতম পছন্দের অভিনেতা। সে জন্য নিজের দুটো ড্রিম প্রোজেক্ট 'পদ্মাবত' এবং 'গোলিও কি রাসলীলা রামলীলা'-য় সুশান্তই ছিলেন পরিচালকের পয়লা পছন্দ। শোনা গিয়েছে, মোট চারটে ছবির জন্য সুশান্তকে অফার দিয়েছিলেন সঞ্জয় লীলা বনশালি। কিন্তু একটিতেও তাঁদের একসঙ্গে কাজ করা হয়নি। পুলিশ সূত্রে খবর, বনশালি তাদের জানিয়েছেন যে শ্যুটিংয়ের ডেট নিয়ে সমস্যা হচ্ছিল সুশান্তের। কারণ তখন যশ রাজ ফিল্মসের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন সুশান্ত। পাশাপাশি শেখর কাপুরের 'পানি' ছবির জন্যও কাজ শুরু করেছিলেন অভিনেতা। তাই অন্যান্য অনেক ছবিতে আগে থেকে কথা দিয়ে রাখায় বনশালির সঙ্গে আর কাজ করা হয়নি সুশান্তের।

সুশান্তের আচমকা মৃত্যুর পর থেকে 'বলিউডের স্বজনপোষণ', 'ব্যক্তিগত শত্রুতা', 'মানসিক অবসাদ'---এই প্রসঙ্গগুলো বারবার বিভিন্ন ভাবে উঠে এসেছে। অভিনেতার ঘনিষ্ঠরা জানিয়েছেন, সুশান্তের মনে হতো কেউ তাঁর ইমেজ নষ্ট করে দিতে চাইছে। এইসব দিকগুলৈ তদন্তের স্বার্থে খতিয়ে দেখছে পুলিশ। গতকাল পুলিশকে সনজয় লীলা বনশালি জানিয়েছেন, অনেকদিন সুশান্তের সঙ্গে যোগাযোগ ছিল না তাঁর। তাই অভিনেতার ব্যক্তিগত কোনও সমস্যা বা মানসিক অবসাদের ব্যাপারে অবগত ছিলেন না তিনি।তবে সবকিছুর পাশাপাশি তিনি স্পষ্ট ভাবে এটা জানিয়েছেন যে সুশান্তকে কোনও ছবি থেকেই তিনি বাদ দেননি। বরং ডেটের সমস্যার কারণেই তাঁদের একসঙ্গে কাজ করা সম্ভব হয়নি।

অভিনেতার মৃত্যুতে তাঁর পরিবার, বন্ধুবান্ধব, অফিসের কর্মী এবং বলিউড ব্যক্তিত্ব----সব মিলিয়ে জনা তিরিশেক লোককে এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। যশ রাজ ফিল্মসের সঙ্গে সুশান্তের কী কন্ট্রাক্ট হয়েছিল তাও খতিয়ে দেখছে পুলিশ। ২০১২ সালে যশ রাজ ফিল্মসের সঙ্গে কন্ট্রাক্ট সই করেন সুশান্ত। কিন্তু ২০১৫ সালে হঠাৎই কন্ট্রাক্ট ভেঙে দেন অভিনেতা। সুশান্ত কেন নিজে থেকে কন্ট্রাক্ট ভেঙে দিয়েছিলেন তা জানতে ইতিমধ্যেই যশ রাজ ফিল্মসের দুই প্রাক্তন আধিকারিক এবং বর্তমান কাস্টিং ডিরেক্টর শন্নো শর্মাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
অভিনেতার পরিবার এবং কিছু বন্ধুবান্ধবের দাবি সুশান্তের মৃত্যুর আগে এবং পরে তাঁর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়। এই ব্যাপারটিও খতিয়ে দেখছে বান্দ্রা পুলিশ। সুশান্তের ফ্ল্যাটে কোনও সিসিটিভি ক্যামেরা ছিল না। তবে আবাসনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।