দ্য ওয়াল ব্যুরো: লকডাউন ৫-এর নিয়মবিধি মেনে খুলতে চলেছে সিনেমা হল। দীর্ঘ ৬ মাস পর ফের হলে গিয়ে ছবি দেখার সুযোগ পাবেন দর্শকরা। পুজোর ঠিক আগেই আগামী ১৫ অক্টোবর থেকে সব সিনেমা হল খুলে যাচ্ছে। আর তাই এবার দুর্গাপুজোয় রিলিজ হতে চলেছে একগুচ্ছ ঝকঝকে নতুন বাংলা ছবি। তার মধ্যে অবশ্যই রয়েছে নুসরত-মিমি-যশের ছবি 'এসওএস কলকাতা'।
https://www.instagram.com/p/CFzXcQ_HCyH/
পুজোর আগে যে সমস্ত বাংলা ছবি রিলিজ হতে চলেছে 'এসওএস কলকাতা' তার মধ্যে অন্যতম হেভিওয়েট। কারণ দুই তারকা সাংসদকে এবার একসঙ্গে দেখা যাবে বিগ স্ক্রিনে। যশের সঙ্গে অবশ্য দুই অভিনেত্রীই এর আগে কাজ করেছেন আলাদা ভাবে। তবে এবার তিন অভিনেতাকেই পর্দায় দেখা যাবে একসঙ্গে। পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন যশ এবং নুসরত। ইতিমধ্যেই রিলিজ হয়েছে ছবির টিজার। মারকাটারি অ্যাকশন দেখে বোঝাই যাচ্ছে যে পর্দায় যশকে ভাল মতই পাল্লা দেবেন নুসরত। এছাড়াও এই ছবিতে রয়েছেন এনা সাহা, শান্তিলাল চট্টোপাধ্যায় ও আরও অনেকে। তবে নুসরতের চরিত্র সম্পর্ক আভাস পাওয়া গেলেও মিমি কোন চরিত্রে অভিনয় করছেন সে ব্যাপারে এখনও কিছু আন্দাজ করা যায়নি।
https://www.instagram.com/p/CF0_jnYHoWw/
আগামী ১৭ অক্টোবর রিলিজ হতে চলেছে এই সিনেমা। সোশ্যাল মিডিয়ায় জমিয়ে ছবির প্রোমোশন করছেন তারকা-কলাকুশলীরা। নুসরতের ইনস্টাগ্রামে চোখ বোলালেই বোঝা যাবে নতুন ছবি নিয়ে দারুণ এক্সাইটেড সাংসদ অভিনেত্রী। তাঁর মেসেজ থেকেই বোঝা গিয়েছে এই ছবির মূল বিষয় সন্ত্রাসবাদীদের সঙ্গে সমাজের রক্ষকদের লড়াই। একটি ইন্সটা পোস্টে নুসরত লিখেছেন, "ভালোবাসার শহর কলকাতা সন্ত্রাসবাদীদের কবলের মুখে। অ্যানটি টেরোরিজম স্কোয়াড কি পারবে আমার-আপনার প্রিয় শহরকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে?" অতএব বোঝাই যাচ্ছে ভরপুর অ্যাকশন সিকোয়েন্স নিয়ে দারুণ জমজমাট হতে চলেছে নুসরত-মিমি এবং যশের নতুন ছবি। নায়কের পাশাপাশি ফাইট সিনে দেখা দেবেন নায়িকাদেরও। এখন ট্রেলর রিলিজের অপেক্ষা।