দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণের অভিযোগে এফআইআর দায়ের হয়েছে পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে। গতকাল মুম্বইয়ের ভারসোভা থানায় হাজিরা দিয়েছিলেন তিনি। ৮ ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করা হয়েছে তাঁকে। নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ নস্যাৎ করেছেন পরিচালক। অনুরাগ জানিয়েছেন, ২০১৩ সালের যে সময়ের কথা বলা হয়েছে অর্থাৎ অগস্ট মাস, তখন তিনি দেশেই ছিলেন না। একমাসের জন্য সিনেমার শ্যুটিং করতে শ্রীলঙ্কা গিয়েছিলেন। নিজের বক্তব্যের সাপেক্ষে প্রয়োজনীয় কাগজপত্রও ভারসোভা থানায় জমা দিয়েছেন অনুরাগ।
গতকাল অর্থাৎ শুক্রবার সকাল ১০টা নাগাদ ভারসোভা থানায় যান অনুরাগ কাশ্যপ। সঙ্গে ছিলেন তাঁর দুই সহকারী এবং আইনজীবী প্রিয়াঙ্কা খেমানি। সন্ধ্যা ৬টা নাগাদ ভারসোভা থানা ছেড়ে বেরিয়ে আসেন অনুরাগ। গত ৩০ সেপ্টেম্বর বুধবার অনুরাগকে সমন পাঠিয়েছিল মুম্বই পুলিশ। পয়লা অক্টোবর তাঁকে তলব করা হয়েছিল। পরিচালকের আইনজীবী প্রিয়াঙ্কাও জানিয়েছেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে যে সময়ের কথা বলে অভিযোগ আনা হয়েছে তখন শ্রীলঙ্কায় ছিলেন অনুরাগ কাশ্যপ।
উল্লেখ্য গত ১৯ সেপ্টেম্বর টুইট করে পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে জবরদস্তি করার অভিযোগ এনেছিলেন পায়েল ঘোষ। টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে পায়েল আর্জি জানিয়েছিলেন যাতে অনুরাগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। টুইট করে পায়েল লিখেছিলেন, অনুরাগ তাঁর সঙ্গে জবরদস্তি করেছেন। তবে ঠিক কী ধরনের হেনস্থা তাঁকে করা হয়েছে তা বলেননি পায়েল। সেই সঙ্গে পায়েল বলেন, এইসব মানুষের ক্ষেত্রে সৃজনশীলতার আড়ালে যে দানব লুকিয়ে রয়েছে তা দেশের মানুষের সামনে আসা উচিত।
অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনার পর প্রাথমিক ভাবে মুম্বইয়ের ওশিয়াড়া থানায় পরিচালকের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেন পায়েল। এরপর অনুরাগের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন ওই অভিনেত্রী। পায়েলের অভিযোগ, ২০১৩ সালে ভারসোভার ইয়ারি রোডের একটি বাড়িতে তাঁকে ধর্ষণ করেছেন অনুরাগ। এরপর গত ২২ সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাতে মুম্বইয়ের ভারসোভা থানায় অনুরাগের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এফআই আর দায়ের করেন পায়েল। সেদিন থানায় অভিনেত্রীর সঙ্গে গিয়েছিলেন তাঁর আইনজীবী নিতিন সতপুতে।
যদিও প্রথম থেকেই তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন অনুরাগ। পাশাপাশি পায়েল-অনুরাগের মধ্যে টুইট যুদ্ধও চলেছিল। পায়েলের টুইটের পাল্টা চারটি টুইট করে অভিনেত্রীকে একহাত নিয়েছিলেন অনুরাগ। গতকাল ভারসোভা থানায় জিজ্ঞাসাবাদের পর পরিচালক ও তাঁর আইনজীবী দু'জনেই জানিয়েছেন পায়েল ২০১৩ সালের যে সময়ের কথা বলে অভিযোগ এনেছেন সেই সময় দেশের বাইরে ছিলেন অনুরাগ। তিনি যে শ্রীলঙ্কায় ছিলেন তাঁর প্রমাণস্বরূপ পুলিশকে উপযুক্ত নথিপত্রও জমা দেওয়া হয়েছে।