দ্য ওয়াল ব্যুরো: ভালবাসার সঙ্গী ব্রেকফাস্ট করেছিলেন আগেই। এবার বেরোলেন সফরে। প্রিয় সঙ্গীর সঙ্গে সফরে গিয়েছেন আর সোশ্যাল মিডিয়ায় সেই সফরনামার ভিডিও শেয়ার করবেন না তাই কখনও হয়। অতএব শনিবার সকালেও ইনস্টাগ্রামে নিজের নতুন ভিডিও নিয়ে ট্রেন্ডিংয়ে সলমন খান।
শুক্রবারই ভাইজান জানিয়েছিলেন তাঁর প্রিয় সঙ্গী একটা তাগড়াই কালো ঘোড়া। তাকে ঘাসপাতা খাওয়াতে গিয়ে নিজেও খানিক ঘাস চিবিয়েছিলেন সলমন। সেই ভিডিও দেখে হেসে গড়িয়েছিলেন নেটিজেনরা। এবার দেখা গেল ঘোড়ার পিঠে চড়ে ফার্মহাউসের ভিতরেই কয়েক পাক চক্কর কাটছেন অভিনেতা। তার আগে অবশ্য পোষ্য সঙ্গীকে নিজের হাতে খাইয়েওছেন ভাইজান।
ভিডিওতে দেখা গিয়েছে, একটা চেয়ারে বসে রয়েছেন সলমন। ঘাড়ে সাজিয়ে রাখা ঘাসপাতা। সেখান থেকেই দিব্যি একমনে ব্রেকফাস্ট সেরে নিচ্ছে ওই কালো ঘোড়াটি। তারপর হঠাৎই নিজের মাথায় কিছু ঘাসপাতা রাখতে দেখা যায় সলমন খানকে। ঘোড়াটির অবশ্য তাতে কোনও অসুবিধে নেই। ভাইজানের মাথা থেকে নিয়েই নিজের খাবার খেতে শুরু করে সে।
https://www.instagram.com/p/B-zitGdFHPA/
এরপরেই দেখা গিয়েছে ভালবাসার সঙ্গীর সঙ্গে সফরে বেরিয়েছেন সলমন। ঘেরা একটা জায়গায় পাক খাচ্ছেন তিনি। দূরে দাঁড়িয়ে রয়েছেন ২-৩ জন। একপাক ঘোরা হলে ঘোড়ার পিঠ থেকে নেমে পড়েন তিনি। তারপর প্রিয় সঙ্গীর গলা জড়িয়ে সে কী আদর।
করোনা মোকাবিলায় আপাতত দেশজুড়ে চলছে লকডাউন। এইসময় নিজের পরিবার থেকে দূরে পানভেলের ফার্মহাউসে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন সলমন খান। সঙ্গে রয়েছেন তাঁর ভাই সোহেল খানের ছেলে নির্বাণ। কদিনা আগেই একটি ভিডিওতে একসঙ্গে দেখা গিয়েছিল এই দু’জনকে। জনসাধারণের উদ্দেশে বার্তা দিয়ে ভাইজান বলেছিলেন, যাঁরা এই পরিস্থিতিকে ভয় পেয়ে বাড়িতে রয়েছেন তাঁরাই আসলে বেঁচে গিয়েছেন। অন্যদেরও বাঁচতে সাহায্য করেছেন। যে ভয় পাবে সে মরবে না বরং বেঁচে যাবে এটাই ছিল সলমনের বার্তা।