দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতকে ক্রমশ তাঁর পরিবারের থেকে দূরে সরিয়ে দিচ্ছিলেন বান্ধবী রিয়া চক্রবর্তী। পাটনার রাজেন্দ্র নগর থানায় দায়ের করা ৬ পাতার এফআইআর-এ রিয়ার বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছেন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং। এ বার সেই প্রসঙ্গে মুখ খুললেন সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে অঙ্কিতা জানিয়েছেন, সুশান্তের সঙ্গে বিচ্ছেদের পরেও একটা সময় পর্যন্ত অভিনেতার পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। সেই সময় অঙ্কিতাকে ফোন করে সুশান্তের বাবা বলেছিলেন যে অঙ্কিতা যেন তাঁর সঙ্গে সুশান্তের একবার কথা বলিয়ে দেন। অঙ্কিতার দাবি, সুশান্তের নতুন ফোন নম্বরও তাঁর বাবার কাছে ছিল না।
সুশান্তের মৃত্যুর পর বারবার ঘুরেফিরে এসেছে তাঁর মানসিক অবসাদের কথা। এই প্রসঙ্গে অঙ্কিতা স্পষ্ট জানিয়েছেন, সুশান্তের মতো মানুষ কিছুতেই মানসিক অবসাদে ভুগতে পারেন না। পাশাপাশি তিনি এও বলেছেন যে, যদি সত্যিই সুশান্ত ভাল ছিলেন না তাহলে কী ভাবে এবং কেন রিয়া তাঁকে ছেড়ে চলে গেলেন? কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় অঙ্কিতা একটি পোস্ট করেছিলেন। তাতে লেখা ছিল 'সত্যের জয় হবে'। অঙ্কিতা বলেছেন, "আমি জানতে চাই আসলে ঠিক কী হয়েছিল। সত্যিটা সামনে আসা প্রয়োজন।"
অঙ্কিতা আরও জানিয়েছেন, "সুশান্ত খুব ব্যালেন্সড মানুষ ছিল। সবসময় হাসিখুশি থাকত। অন্যদের অনুপ্রেরণা দিত। একবার ওর সঙ্গে কারও একটা আত্মহত্যা প্রসঙ্গে কথা হয়েছিল। ও বলেছিল এসব খুব খারাপ জিনিস। আমার মাথায় এমন ভাবনা এলেও ১৫ মিনিটের মধ্যে নিজেকে ঠিক করে নেব। সেই সুশান্ত আত্মহত্যা করেছে তাও আবার মানসিক অবসাদে, এটা আমি বিশ্বাসই করতে পারছি না। যে সুশান্তকে আমি চিনি সে এমনটা করতেই পারে না।"
অঙ্কিতা বলেছেন, "একটা ডায়েরিতে সবকিছু লিখে রাখত সুশান্ত। অনেক স্বপ্ন ছিল ওর। ও যদি ভাবত ৫ বছর পর এটা করবে তাহলে সেটা করে দেখাত। যখন সিরিয়াল ছেড়েছিল তখন সুশান্ত ছিল টেলিভিশনের এক নম্বর স্টার। তবে ও বলত নতুন কিছু করতে চায়। সিনেমার দুনিয়ায় যেতে চায়। অসম্ভব ক্রিয়েটিভ মানুষ ছিল সুশান্ত। ঝুঁকি নেওয়ার মত শক্তিশালী মানসিকতা ছিল ওর। নইলে সিরিয়াল ছাড়ার পর ব্রেক পাওয়ার জন্য টানা তিন বছর অপেক্ষা করা সোজা কাজ নয়। কিন্তু ও পেরেছিল। এত প্রাণবন্ত একজন কী ভাবে আত্মহত্যা করতে পারে, মানসিক অবসাদে ভুগতে পারে? বিশ্বাস হয় না।"
প্রসঙ্গত, গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে আত্মহত্যা করেছেন অভিনেতা। গলায় ফাঁস লাগার ফলে দমবন্ধ হয়েও মৃত্যু হয়েছে তাঁর। তবে অভিনেতার এমন আকস্মিক এবং মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারেননি কেউই। অভিনেতার মৃত্যুর দেড় মাস পার হয়েছে। তবে সুশান্তের রহস্যজনক পরিণতির এখনও কোনও কিনারা হয়নি। বরং প্রতিদিন নতুন নতুন প্রশ্ন আসছে সামনে।