মা হলেন শুভশ্রী, পুত্রসন্তান এল রাজ চক্রবর্তীর পরিবারে
দ্য ওয়াল ব্যুরো: সুখবর এল রাজ-শুভশ্রীর পরিবারে। পুত্রসন্তানের জন্ম দিলেন শুভশ্রী। আজ, শনিবার দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন অভিনেত্রী। জানা গিয়েছে, এদিন বেলা দেড়টা নাগাদ সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী। মা এবং সন্তান
শেষ আপডেট: 12 September 2020 08:59
দ্য ওয়াল ব্যুরো: সুখবর এল রাজ-শুভশ্রীর পরিবারে। পুত্রসন্তানের জন্ম দিলেন শুভশ্রী। আজ, শনিবার দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন অভিনেত্রী। জানা গিয়েছে, এদিন বেলা দেড়টা নাগাদ সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী। মা এবং সন্তান দু'জনেই সুস্থ রয়েছেন। নবাগতের আগমনে খুশির হাওয়া চক্রবর্তী পরিবারে।
গত ১১ মে দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন সোশ্যাল মিডিয়ায় মা হওয়ার খবর শেয়ার করেছিলেন শুভশ্রী। স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি সহ সেই পোস্টে শুভশ্রী লেখেন, “দ্বিতীয় বিবাহবার্ষিকীর সকালে আনন্দের সঙ্গেই জানাচ্ছি যে আমরা আরও একটি হাত ধরতে চলেছি, আরও এক হৃদয়কে ভালবাসতে চলেছি। উই আর প্রেগন্যান্ট।” রাজ-শুভশ্রী জানান, সম্ভবত সেপ্টেম্বরেই আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান। পরিকল্পনা করে 'প্রেগন্যান্সি ফটোশ্যুট'-ও করান রাজ-শুভশ্রী। তারকা দম্পতি যে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সেখানে দেখা গিয়েছিল শুভশ্রী পরেছিলেন ডেনিম হটপ্যান্টের সঙ্গে নেভি ব্লু রাউন্ড নেক টি শার্ট। তাতে লেখা- ‘দ্য গার্ল ইজ গোয়িং টু বি আ মম্মি’। রাজও রঙ মিলিয়ে ডেনিমের সঙ্গে নেভি ব্লু টি শার্ট পরেছিলেন। তাতে লেখা ‘ড্যাড টু বি’।

এদিকে গত ১৭ অগস্ট সোশ্যাল মিডিয়ায় রাজ জানান যে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। এই খবর পাওয়ার পরেই অন্তঃসত্ত্বা শুভশ্রীকে চিন্তায় ছিলেন পরিবারের সকলে। তবে অভিনেত্রী এবং পরিবারের বাকি সকলের কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় খানিক স্বস্তি পেয়েছিলেন সবাই। তবে এর মধ্যেই আরও একটি দুর্ঘটনা ঘটে পরিচালকের পরিবারে। বাবাকে হারান রাজ। সেই সময় করোনা আক্রান্ত থাকায় সেলফ কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। শেষবারের মতো বাবাকে দেখতেও পারেননি তিনি।

তবে অনেক দুঃসংবাদের মধ্যে এবার দারুণ খুশির খবর এসেছে রাজের পরিবারে। প্রথম সন্তানের অভিভাবক হয়েছেন রাজ-শুভশ্রী। ইতিমধ্যেই টলিউডের অনেক অভিনেতাই শুভেচ্ছা জানিয়েছেন নতুন মা-বাবাকে।