দ্য ওয়াল ব্যুরো: আবার 'তু হি রে'। আবারও সেই এ আর রহমান।
‘তু হি রে, তেরে বিনা ম্যায় ক্যায়সে জিয়ু।’ ছবির গায়ে যেন ঘন নীল লেগে আছে। নীল সমুদ্রের জলেও। সেই জল ঢেউ হয়ে আছড়ে পড়ছে আধা ডোবা পাথরের চাঁইয়ে। সেই পাথরেও ওপরেই দাঁড়িয়ে রয়েছে অরবিন্দ স্বামী। তেমনি ঘন নীল মনীষা কৈরালার স্কার্ফ। আর সঙ্গে ভীষণ মন কেমন করা একটা সুর। সেই সুরের স্রষ্টার নাম আল্লারাখা রহমান।
ডি টি এইচ, এল ই ডি টিভির অনেক আগের সময় সেটা। ১৯৯৫ সাল। মনিরত্নমের ‘বম্বে’ ছবির গানেই মজেছিল গোটা দেশ।
এবারও গানের নাম সেই ‘তু হি রে’। স্রষ্টাও সেই একই এ আর রহমান। তবে এই গান ব্যবহার হচ্ছে এস শঙ্করের ছবি টু পয়েন্ট জিরো তে। সুর কথা সম্পূর্ণ আলাদা।
https://twitter.com/arrahman/status/1066358411707727872?s=08
রজনীকান্ত, অক্ষয় কুমার ও ব্রিটিশ অভিনেত্রী অ্যামি জ্যাকসন অভিনীত এই ছবির বাজেট পাঁচশো তেতাল্লিশ কোটি টাকা। এখন অবধি ভারতবর্ষে সব থেকে বড় বাজেটের ছবি এটাই।
খোদ রহমানই টুইট করে দিয়েছেন এই নতুন গানের ভিডিও। গানের দৃশ্যায়নও একেবারে সায়েন্স ফিকশনের আদলে। হবে নাই বা কেন? রজনীকান্ত অভিনীত এনথিরান বা রোবট ছবিরই সিকুয়েল যে এই টু পয়েন্ট জিরো।
https://www.youtube.com/watch?v=ZR4k8gFXNyk&feature=youtu.be
তবে এই গান শুনে হতাশ এ আর রহমান প্রেমীদের অনেকেই। আক্ষেপ করছেন, শেষে কিনা ভারতবর্ষের পপুলার ক্লাসিক ‘বম্বে’ ছবির সেই ‘তু হি রে’ গানের নামই রাখতে হল এর? এতে না আছে রহমানের সেই জাদু, না আছে সেই মনোমুগ্ধকর দৃশ্যায়ন।
অবশ্য রহমানের সুর করা গানের মধ্যে অন্যতম জনপ্রিয় গান ‘তু হি রে’। তামিল ‘উহিরে’ থেকেই হিন্দি ‘তু হি রে । সাত মিনিট ১৪ সেকেন্ডের গানের তামিল ভারশান গেয়েছিলেন হরিহরণ ও কে এস চিত্রা। হিন্দিতে চিত্রার জায়গায় এসেছিলেন কবিতা কৃষ্ণমূর্তি।
এই গান নিয়ে ‘বম্বে’ ছবির সাউন্ডট্র্যাক বিক্রি হয়েছিল রেকর্ড দেড় কোটি কপি।
https://www.youtube.com/watch?v=u1UvJXkupRs
এ আর রহমান পরে জানিয়েছিলেন, এই গানের পুরুষ কণ্ঠের জন্য তাঁর মাথায় ছিল এস পি বালাসুব্রামনিয়ম ও যেসুদাসের নামও। পরে অবশ্য গজল গায়ক হরিহরণকেই অন্য রকম এই গানের জন্য বেছে নেন তিনি।
হরিহরণও জানিয়েছিলেন এটাই তাঁর গায়ক জীবনের অন্যতম শ্রেষ্ঠ গান।
নতুন ‘তু হি রে’র গায়ক সিড শ্রীরাম ও সাশা তিরুপতি। কিন্তু এখানেও আপত্তি প্রথম গানের ভক্তদের। তাঁরা বলছেন, হরিহরণের সেই মিঠে মোলায়েম গলার পাশে দাঁড়াতে পারে না এই নতুন গানটা। অবশ্য নতুন ‘তু হি রে’তে সেই মেলোডিই বা কোথায়?
নিন্দুকেরা কেউ কেউ অবশ্য বলছেন রেকর্ড বাজেটের হিন্দি ছবি ‘থাগস অব হিন্দোস্তান’-এর মতোই মুখ থুবড়ে পড়বে না তো এই টু পয়েন্ট জিরো?
সে কথা অবশ্য মানতে নারাজ রজনী ভক্তেরা। গান খারাপ হোক বা না হোক, রজনী আছেন তো!