
শেষ আপডেট: 8 January 2020 17:25
https://www.youtube.com/watch?v=5B9o6LXOiBA
পুলিশ অফিসারের চরিত্রে এই ছবিতে অভিনয় করেছেন 'থালাইভা'। রয়েছে তাঁর দৈত স্বত্তা। ভালোর ভালো, খারাপে তিনি সাংঘাতিক। এক পুলিশ অফিসারের চরিত্রের নানা শেড নিয়ে তৈরি হয়েছে 'দরবার'। পরিচালনায় এ আর মুরুগাদস। রিলিজ হয়েছে ছবির ট্রেলর। অ্যাকশনে ভরপুর এই ছবির ইউএসপি রজনীকান্ত নিজেই। মারকাটারি অ্যাকশন সিক্যুয়েন্স দেখে দর্শকরা ইতিমধ্যেই বাজি ধরেছেন ছবির ব্যবসার পরিমাণ নিয়ে। রজনীকান্ত ছাড়াও এ ছবিতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে। ভিলেনের চরিত্রে রয়েছেন সুনীল শেট্টি। তবে ছবিতে রজনীকান্ত ভাল পুলিশ নাকি 'ব্যাড কপ' সেকথা বলবে সময়। 
৯ জানুয়ারি রিলিজ হবে ছবি 'দরবার'। এই প্রথম একসঙ্গে কাজ করেছেন এ আর মুরুগাদস এবং রজনীকান্ত। ছবিতে তাই কোনও কমতি রাখেননি পরিচালক। ফাঁক নেই ছবির প্রচারেও। ছবির রিলিজের ঠিক আগেই নিজের টুইটার হ্যান্ডেলে 'দরবার'-এর একটি মোশন টিজার শেয়ার করেছেন পরিচালক মুরুগাদস। যেখানে দেখা গিয়েছে পাথর খোদাই করে ফুটে উঠছে রজনীকান্তের ছবি। পরনে পুলিশের উর্দি। চোখে পরিচিত সানগ্লাস। ভিডিও শেয়ার করে পরিচালক লিখেছেন, "সকলের জন্য সারপ্রাইজ রইল। এটা দরবারের স্পেশ্যাল মোশন পোস্টার"।
https://youtu.be/gCldZfRyFRc
'থালাইভা'-র ছবি আসছে, ভক্তদের কাছে এটাই একটা বড় চমক। তার মধ্যেই মোশন পোস্টারের এমন সারপ্রাইজ পেয়ে বেজায় খুশি দর্শকমহল। নিমেষেই ভাইরাল হয়েছে এই ভিডিও। এখন শুধু ছবি রিলিজের পালা। প্রতি বারের মতো নতুন ছবিতেও রজনীকান্ত যে পর্দা কাঁপাবেন সে ব্যাপারে নিশ্চিত তাঁর ফ্যানরা। সঙ্গে উপরি পাওনা সুনীল শেট্টির চরিত্র। পরিচালক বলছেন, গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা যাবে সুনীলকে। তাঁর অভিনয় দেখার আশায় মুখিয়ে রয়েছেন দর্শকরাও।