শেষ আপডেট: 6 July 2020 13:48
গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে আত্মহত্যা করেছেন অভিনেতা। গলায় ফাঁস লাগার কারণে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। তবে একথা মানতে নারাজ সুশান্তের অগুনতি ভক্ত। অভিনেতার রহস্যজনক মৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে সোচ্চার হয়েছেন তাঁরা। রাজনৈতিক মহলেও সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি উঠেছে। আচমকাই সুশান্তের এমন মারাত্মক সিদ্ধান্ত এবং মর্মান্তিক পরিণতিতে নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশ।
ইতিমধ্যেই বলিউডের অনেককেই সুশান্তের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদ করেছে বান্দ্রা পুলিশ। অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু মডেল-অভিনেত্রী রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক চক্রবর্তী এবং বলিউডের কাস্টিং ডিরেক্টর ও সুশান্তের শেষ ছবি 'দিল বেচারা'-র পরিচালক মুকেশ ছাবরার বয়ান রেকর্ড করেছে পুলিশ। সূত্রের খবর, বিটাউনের আর এক পরিচালক শেখর কাপুরকেও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। 'পানি' বলে একটি ছবিতে শেখর কাপুরের সঙ্গে কাজ করার কথা ছিল সুশান্তের। 'দিল বেচারা' ছবিতে লিড রোলে নায়িকা হিসেবে ডেবিউ করছেন সঞ্জনা সাংহি। তাঁর বয়ানও রেকর্ড করেছে বান্দ্রা পুলিশ।
এ ছাড়াও যশ রাজ ফিল্মসের সঙ্গে হওয়া সুশান্তের কন্ট্রাক্টও খতিয়ে দেখেছেন তদন্তকারী আধিকারিকরা। ২০১২ সালে যশ রাজ ফিল্মসের সঙ্গে কন্ট্রাক্ট হয় সুশান্তের। তবে তিন বছর পর কন্ট্রাক্ট ভেঙে দেন অভিনেতা নিজেই। সূত্রের খবর, 'পানি' ছবির কাজও আটকে গিয়েছিল প্রোডাকশন হাউসের কারণেই। পরিচালক শেখর কাপুরের সঙ্গে প্রযোজক আদিত্য চোপড়ার মতবিরোধ হওয়ায় 'পানি' ছবির প্রযোজনা থেকে সরে দাঁড়ায় যশ রাজ ফিল্মস।
২০১৫ সালে কেন সুশান্ত আচমকা কন্ট্রাক্ট ভেঙে দেন, কেন রিয়া চক্রবর্তীকেই একই পরামর্শ দিয়েছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই যশ রাজ ফিল্মসের দুই প্রাক্তন আধিকারিককে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। তদন্তের স্বার্থে অন্যান্য প্রোডাকশন হাউসের লোকেদেরও জেরা করা হতে পারে বলে জানিয়েছে বান্দ্রা থানা।