
শেষ আপডেট: 13 January 2024 20:13
দ্য ওয়াল ব্যুরো: এমন এক রোগ, যার নাম শুনলেই আতঙ্কে কেঁপে ওঠেন মানুষজন। এ একেবারে রাজরোগ! একবার সে এলে অর্থহানি তো বটেই, প্রাণহানিও হতে পারে। এমন একখানা অসুখ, যার কোনও অসুখ আজ অবধি আবিষ্কার হয়নি। সেই মারণ রোগ ক্যানসারেই আক্রান্ত হয়েছিল ১৩ বছরের ছেলেটা। তবে সঠিক সময়ে সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছে সে। তারপরেই ক্যানসার-জয়ী ছেলের সঙ্গে ছবি পোস্ট করলেন বলিউড অভিনেতা ইমরান হাসমি। সঙ্গে রয়েছে একটি ভিডিওও, যেখানে দেখা যাচ্ছে ইমরানের ছেলে আয়ান তাঁরই লেখা একটি বই পড়ছে। যে বইয়ের উপজীব্য হল, আয়ান কীভাবে ক্যানসারকে হারিয়ে জীবনযুদ্ধে জিতে গেছেন।
ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ইমরান যে ছবিটি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে, ছেলের গলা জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছেন গর্বিত বাবা। আর ভিডিওতে দেখা যাচ্ছে, আয়ান একটি বই পড়ছে, যার নাম "কিস অফ লাইফ: হাউ এ সুপারহিরো অ্যান্ড মাই সন ডিফিটেড ক্যানসার"। ক্যাপশনে ইমরান লিখেছেন, "সর্বদা এমন একজনের উপর আমি ভরসা রাখতে পারি। আমার ছেলে, আমার বন্ধু, আমার সুপারহিরো- আয়ান!"
View this post on Instagram
উল্লেখ্য, ২০১৪ সালে মারণ রোগে আক্রান্ত হয়েছিলেন আয়ান। ৫ বছর লড়াইয়ের পর অবশেষে একরত্তি ছেলের জীবনীশক্তির কাছে হার মানে ক্যানসার। ইমরানের সেই পোস্টে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। কেউ বাবা-ছেলের রসায়নে মুগ্ধ, তো কেউ হার্ট ইমোজি দিয়ে ভালবাসা জানিয়েছেন।
তবে ইমরান আরও একটি পোস্ট করেছেন। তাতেই স্পষ্ট, কেন ৫ বছর আগে ক্যানসার-মুক্ত হয়ে যাওয়ার পর হঠাৎ সেকথা জানালেন ইমরান। অভিনেতা জানিয়েছেন, এটিই হল সেই দিন, ২০১৪ সালে যেদিন প্রথম ছেলের ক্যানসারে আক্রান্ত হওয়ার সেই ভয়ঙ্কর দুঃসংবাদ পেয়েছিলেন তাঁরা। ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে ইমরান লিখেছেন, "আমাদের জীবনের সবচেয়ে কঠিন পর্যায় ছিল। কিন্তু বিশ্বাস এবং আশা দিয়ে আমরা তা কাটিয়ে উঠতে পেরেছি। আরও গুরুত্বপূর্ণ, ও এটা কাটিয়ে উঠেছে, এবং সবকিছুর ,মধ্যেও শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আপনাদের ভালবাসা এবং প্রার্থনা নিয়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য অসীম কৃতজ্ঞতা।"
View this post on Instagram
২০১৯ সালে 'কৌন বনেগা ক্রোড়পতি'তে এসে প্রথম এই বিষয়ে মুখ খুলেছিলেন ইমরান। তখন আয়ান ক্যানসার-মুক্ত। কিন্তু তবুও ক্যানসার ফিরে আসার আশঙ্কা ছিল। সেই সময় তাঁর এবং তাঁর পরিবারের জন্য অত্যন্ত কঠিন ছিল, জানিয়েছিলেন ইমরান। তবে সৌভাগ্যক্রমে সেসব আবার হয়নি। আপাতত আয়ানের সঙ্গে ভালই সময় কাটছে ইমরান ও তাঁর পরিবারের।