
একতা কাপুর
শেষ আপডেট: 10 May 2024 21:52
দ্য ওয়াল ব্যুরো: সালটা ছিল ২০১৯। ফুটফুটে ছেলের মা হন টেলিভিশন জগতের বিখ্যাত প্রযোজক একতা কাপুর। না, বিয়ে তিনি করেননি। সারোগেসির মাধ্যমে মা হন জিতেন্দ্র-কন্যা। প্রায় পাঁচ বছর বাদে দ্বিতীয়বার মা হতে চলেছেন একতা! বেশ কয়েকদিন ধরে বলিপাড়ায় এমনই গুঞ্জন শুরু হয়েছে।
সন্তানের বিষয়ে ভাই তুষার কাপুরকে অনুসরণ করেছিলেন একতা। অভিনেতা তুষার কাপুরও সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে সারোগেসিকেই বেছে নিয়েছিলেন। সারোগেসির মাধ্যমেই তুষারের ছেলে লক্ষ্য-র জন্ম হয়েছিল। ভাইপো লক্ষ্যের জন্মের পর থেকেই প্রকাশ্যে বহু জায়গায় একতা তাঁর মা হওয়ার ইচ্ছের কথা জানিয়েছিলেন।
ভাইপোর সঙ্গে খেলাধুলো-খুনসুটির মধ্যে দিয়েই একতা বুঝিয়ে দিয়েছিলেন নিজের 'মাদারহুড' দারুণভাবে উপভোগ করবেন তিনি। মা হবেন সেটা ভাবার পরেই আর দেরি করেননি একতা। চটপট নিয়ে ফেলেন সিদ্ধান্ত। ২০১৯-এর ২৭ জানুয়ারি সারোগেসির মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন একতা কাপুর।
বি টাউন সূত্রের খবর, একতা চান না তাঁর ছেলে রবির সঙ্গীর অভাববোধ হয়। তিনি ও তাঁর ভাই তুষার যেমন একে অপরের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছেন। তেমনটাই নিজের ছেলের জীবনেও চান হিন্দি টেলি দুনিয়ার জনপ্রিয় তারকা। আর সেই কারণেইত তিনি ফের মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে চর্চা শুরু হয়েছে। তবে এ বারও কি তিনি সারোগেসির পন্থাই অবলম্বন করবেন? যদিও এই প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিক কিছু ঘোষণা করেননি একতা কাপুর।
জিতেন্দ্রর দুই সন্তান একতা এবং তুষার, কেউই বিয়ে করেননি। বিভিন্ন টক শো-তে বরাবরই একতা বলেছেন, তিনি বিয়ে করতে চান না। বিয়ের সম্পর্কে তাঁর বিশ্বাস নেই। যদিও ৩৬ বছর বয়স থেকেই নিজেই ডিম্বাণু সংরক্ষণ করছেন। তাই বিয়েতে অনীহা থাকলেও মা হতে চেয়েছিলেন। তাই সারোগেসির মাধ্যমেই ছেলের জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেন।