
শেষ আপডেট: 6 April 2024 21:10
দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘মির্জাপুর সিজন ৩’। আসলে ভক্তরা এই অ্যাকশন ক্রাইম থ্রিলারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। এমনিতে কলিন ভাইয়া-রূপী পঙ্কজ ত্রিপাঠী তো সকলের মন জিতে নিয়েছেন। অ্যামাজন প্রাইম ভিডিও-র এই থ্রিলারের প্রথম দুই সিজন বিশাল হিট হয়েছে। তবে শোনা যাচ্ছে, তৃতীয় সিজনে নাকি দিব্যেন্দু শর্মা থাকছেন না।
চলতি মাসেই অ্যামাজন প্রাইম ভিডিও-য় প্রিমিয়ার হতে চলেছে ‘মির্জাপুর সিজন ৩’-র। ছবির প্রেক্ষাপটে ফুটে উঠতে চলেছে ত্রিপাঠী পরিবারের লড়াই, প্রতিশোধ এবং জটিল গতিপ্রকৃতি।এবারের থ্রিল নাকি আরও বেশি। তবে মুন্না ভাইয়া দিব্যেন্দু থাকছেন না। তিনি বলেছেন, “আমি ঘোষণা করে দিয়েছি মির্জাপুর সিজন-৩ তে আমি থাকছি না। এই খবর শুনে মির্জাপুর-ফ্যানেরা খুব দুঃখ পেয়েছেন।”
প্রাইম ভিডিয়ো যখন আসন্ন চলচ্চিত্র এবং সিরিজের তালিকা প্রকাশ করেছিল, তখন 'মির্জাপুর'-এর পুরো স্টার কাস্ট সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শুধুমাত্র মুন্না ভাইয়ার ভূমিকায় অভিনয় করা দিব্যেন্দু শর্মাকে দেখা যায়নি।
‘মির্জাপুর সিজন ৩’-ও বেশ তারকাখচিত হতে চলেছে। অখণ্ডানন্দ ত্রিপাঠী ওরফে কলিন ভাইয়ার ভূমিকায় দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে। আর থাকছেন গুড্ডু পণ্ডিত-রূপী আলি ফজলও। আবার বীণা ত্রিপাঠীর ভূমিকায় অভিনয় করছেন রসিকা দুগলকে। আর গজগামিনী গোলু গুপ্তার ভূমিকায় থাকছেন শ্বেতা ত্রিপাঠী শর্মা।
মূলত ‘মির্জাপুর সিজন ২’-এ যে নাটকীয় জায়গায় গল্প শেষ হয়েছিল, সিজন ৩-তে তার পরবর্তী অংশ দেখা যাবে। এর মধ্যে অন্যতম হল কলিন ভাইয়ার ভাগ্য নির্ধারণ, গুড্ডুর প্রতিশোধ স্পৃহা তো থাকছেই, এর পাশাপাশি আরও কিছু নতুন চরিত্র আত্মপ্রকাশ করতে চলেছে। যা নিঃসন্দেহে তৃতীয় সিজনকে আরও রোমহর্ষক করে তুলবে।