
শেষ আপডেট: 22 February 2024 18:54
দ্য ওয়াল ব্যুরো: টি সিরিজের কর্ণধারের সঙ্গে বহু বছরের বিবাহিত জীবন তাঁর। কিন্তু ২১ ফেব্রুয়ারি হঠাৎ করেই ভূষণ কুমার ও তাঁর অভিনেত্রী স্ত্রী দিব্যা খোসলা কুমারের বিচ্ছেদের খবর আসে। খবরটা আরও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে দিব্যার সোশ্যাল মিডিয়া দেখে।
দেখা যায় তাঁর ইনস্টাগ্রাম আইডিতে নিজের নামের থেকে 'কুমার' পদবি মুছে ফেলেছেন। এই অবধি তাও ঠিক ছিল। তারপর জানা যায় তিনি টি সিরিজের পেজকেও আনফলো করে দিয়েছেন। দুয়ে দুয়ে চার করে ফেলে নেটদুনিয়া। শুরু হয় ভূষণ কুমার ও দিব্যা খোসলা কুমারের বিচ্ছেদের গুঞ্জন।

এই নিয়ে এবার মুখ খুললেন ভূষণ কুমার। টি সিরিজের পক্ষ থেকে জানানো হল এসব কথা ভুয়ো। এই গুজব ভিত্তিহীন এবং অসত্য। টি-সিরিজের একজন মুখপাত্র এই বিষয়ে বলেন, 'দিব্যা খোসলা তাঁর জ্যোতিষ বিশ্বাসের কারণে 'কুমার' বাদ দিয়েছেন। এটি একটি ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা নিয়ে অতো আলোচনা করা উচিত না। ওঁর সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত।'
এছাড়াও সেই সূত্র আরও বলেন, দিব্যা 'খোসলা'-তেও আরও একটি 'এস' যোগ করেছেন। এটাও করেছেন জ্যোতিষের কথা শুনেই। এই বিষয় নিয়ে সংবাদমাধ্যম বা নেটদুনিয়া যেন বেশি মাথা না গলায় সেটাই অনুরোধ ভূষণ ও দিব্যার।