
শেষ আপডেট: 16 August 2023 14:31
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা থেকে পেশা বদলে পরিচালনায় আসার নজির বলিউডে ভুরি ভুরি। শুধু অভিনেতারাই নন বরং অভিনেত্রীরাও হামেশাই অভিনয় থেকে ঝোঁকেন পরিচালনা বা প্রযোজনার দিকে। এবার সেই তালিকায় নয়া সংযোজন দিশা পাটনি (disha patani। বলিউডের এই অভিনেত্রীও এবার পা রাখলেন পরিচালনায়।
'কেয়া করু ফিকর' নামের ওই মিউজিক ভিডিওতে মুখ্য চরিত্রে রয়েছেন দিশা নিজেই। বুধবার ইনস্টাগ্রামে সেই ভিডিওরই প্রথম ঝলক প্রকাশ করলেন অভিনেত্রী।
এই ভিডিও শেয়ার করে দিশা লিখেছেন, 'যখন জীবনই একটা রহস্য এবং ভবিষ্যৎ অজানা তখন নিজেকে ভালবাসাই একমাত্র উপায়।' ক্যাপশন থেকেই স্পষ্ট যে মূলত দিশা নিজেকেই ফোকাসে রাখছেন তাঁর প্রথম পরিচালনার ক্ষেত্রে। ইনস্টাগ্রামে এই ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে দিশার ইনস্টাগ্রামের কমেন্টবক্স। অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন দিশার এই নয়া অবতারকে।
তবে, প্রশংসার পাশাপাশি কটাক্ষও ধেয়ে আসছে দিশার দিকে। বলিউডে অনেকগুলি বছর কাটিয়েও হাতে গোনা হিট ছবির নায়িকা হওয়ার জন্যই কি এবার পরিচালনায় ঝুঁকছেন দিশা? প্রশ্ন তুলছেন অনেকেই। যদিও, সামনে দিশার ঝুলিতে মুক্তির অপেক্ষায় রয়েছে অনেকগুলি ছবি। ফলে, এখনই অভিনেত্রী পেশা বদলাচ্ছেন কিনা তা সঠিক ভাবে বলা না গেলেও অদূর ভবিষ্যতের কথা ভেবেই হয়তো নতুন পেশায় এখন থেকেই নিজেকে তৈরি করছেন দিশা, বলছেন নেটিজেনরা।