
শেষ আপডেট: 21 September 2023 09:34
দ্য ওয়াল ব্যুরো: বলি পাড়ায় সুখবর। মা (parents) হলেন 'বড়ে আচ্ছে লাগতে হ্যায়' ধারাবাহিকের প্রিয়া (Disha Parmer)। হিন্দি ধারাবাহিকের চেনা মুখ দিশা পারমারকে সকলে প্রিয়া অথবা পঙ্খুরি নামেই চেনেন। এবার ধারাবাহিকের পিহুর মা থেকে ব্যক্তিগত জীবনেও মা হলেন দিশা। ঠিক যেমন পর্দাতেও তিনি মেয়ের মা হিসেবে অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন, তেমনই বাস্তব জীবনেও দিশার কোলে এল ফুটফুটে এক কন্যাসন্তান।
মে মাসে তাঁরা ইনস্টাগ্রামে ঘোষণা করেন এই খবর। প্রসঙ্গত, অন্তঃসত্ত্বা হওয়ার পরও কাজ বন্ধ করেননি দিশা। ঠিক যে সময়ে তিনি সন্তানসম্ভবা হন সেই সময়ে অর্থাৎ মে মাসেই রাম-প্রিয়ার জনপ্রিয় জুটিকে দর্শকের চাহিদায় ফের পর্দায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন 'বড়ে আচ্ছে লাগতে হ্যায়' ধারাবাহিক কর্তৃপক্ষ। ফলে অন্তঃসত্ত্বা অবস্থাতেই নতুন করে ধারাবাহিকের শ্যুটিং শুরু করেছিলেন দিশা।
তবে তাঁদের এই সন্তান আনার যে কোনও পূর্ব-পরিকল্পনা ছিল না তা রাহুল এবং দিশা দু'জনেই জানিয়েছিলেন। রাহুলের কথায়, 'আচমকাই আমি একদিন জানতে পারি দিশা প্রেগন্যান্ট'। তবে সুখবর জানার পর প্রতিটি দিন উদযাপন করেছেন দু'জনে। গর্ভাবস্থায় রাহুল দিশার ফটোশ্যুটও ছিল নজরকাড়া। দীর্ঘদিন প্রেম পর্বের পর ২০২১ সালে চার হাত এক হয়েছিল দিশা এবং রাহুলের। নিজেদের সম্পর্ক থেকে বিয়ে কোনও কিছুতেই কখনও লুকোছাপা করেননি বি টাউনের এই 'পাওয়ার কাপল'। বিয়ে, মধুচন্দ্রিমা থেকে গর্ভবতী হওয়ার পর, রাহুল দিশা তাঁদের জীবনের সমস্ত ঘটনাই ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। বুধবার রাতে ইনস্টাগ্রামে একটি ছোট্ট গণেশের ছবি দিয়ে কন্যাসন্তান হওয়ার সুখবর জানান রাহুল এবং দিশা।

আপাতত নতুন অতিথির মুখ দেখার জন্য মুখিয়ে আছেন অনুরাগীরা। প্রসঙ্গত, দিশা-রাহুলের এই সুখবরে অভিনন্দন জানিয়েছেন অভিনেতা নকুল মেহতা। নকুলের সঙ্গে দিশার অনস্ক্রিন জুটি অত্যন্ত পছন্দ করেন অনুরাগীরা। 'পেয়ার কা দর্দ হ্যায় মিঠা মিঠা পেয়ারা পেয়ারা' ধারাবাহিকে প্রথমবার পর্দায় দেখা গিয়েছিল দিশাকে। নকুলের সঙ্গে তাঁর আদিত্য পঙ্খুরির জুটি সেই সময়ে প্রবল হিট হয়েছিল। এরপর 'বড়ে আচ্ছে লাগতে হ্যায়' ধারাবাহিকের সিজন ২-তেও এই জনপ্রিয় জুটিকেই রাম-প্রিয়ার ভূমিকায় এনেছিলেন নির্মাতারা। নতুন রূপেও দু'জনের কেমিস্ট্রি প্রশংসা কুড়িয়েছিল। এরপর 'বড়ে আচ্ছে লাগতে হ্যায় সিজন ৩'-তেও ফেরেন নকুল-দিশা। যদিও নিজের শারীরিক অবস্থার কারণেই ৩ মাসের মধ্যে শো ছাড়েন দিশা। দিশাকে ছাড়া রাম-প্রিয়ার গল্প চালিয়ে যাওয়াও সম্ভব ছিল না। সেই কারণে ৩ মাসের মাথায় অগস্ট মাসে বন্ধ হয় 'বড়ে আচ্ছে লাগতে হ্যায় সিজন ৩'। দীর্ঘদিনের সহকর্মীর এই সুসংবাদে খুশি নকুল।
বলিউডে জোরকদমে অস্কারের প্রস্তুতি, ‘রকি অউর রানি’, ‘বেলাগাম’ সহ একগুচ্ছ ছবি পাঠানো হবে