
স্বরূপ-বিদুলা
শেষ আপডেট: 20 March 2025 14:00
একদিকে ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া (DAEI) আর অপর দিকে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (FCTWEI)। গত এক বছর ধরে বারবার প্রকাশ্যে এসেছে দ্বন্দ। শুটিংপাড়ায় অচলাবস্থা, ডিরেক্টরকে ব্যান্ড, টেকনিশিয়ানরা ‘অপমানিত’, সিসিআই ফাইল, মানহানির মামলা, কী হয়নি গোটা এক বছরে। কিন্তু এখনও সুরাহা হয়নি। মেটেনি সমস্যা। যাঁদের হাত ধরে DAEI-এ ‘আন্দোলন’ শুরু হয়েছিল, তাঁরাই বদলে ফেলেছেন দল। আর বাকিরা যাঁরা এখনও ‘দলবদলু’ হননি, তাঁরাও আজ ক্ষুব্ধ। সন্দিহান। অজ্ঞাত।
ঠিক কোথায় দাঁড়িয়ে আজ নতুন পরিচালক গিল্ডের সদস্যরা? শুটিং পরিস্থিতি বদল আনতে সুদেষ্ণা-সুব্রতদের মুখে যে সকল দাবিদাওয়া ছিল, তার অবস্থাই বা কি? সুদেষ্ণা রায় ‘দ্য ওয়াল’কে জানিয়েছিলেন, ‘মন্ত্রীদের সঙ্গে মিটিং হবে, শীঘ্রই’। কিন্তু তা হয়নি। DAEI হোয়াটসঅ্যাপ গ্রুপেও ১১ মার্চের পর মিটিং হওয়ার কথাও হয়েছে, কিন্তু প্রায় ৯ দিন কেটে যাওয়ার পরেও তা হয়নি।
একাধিক পরিচালকরা ক্ষুব্ধ, সন্দিহান। তাঁদের মধ্যে রয়েছেন পরিচালক বিদুলা ভট্টাচার্যও। তাই আজ সকালে কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করলেন পরিচালক। ‘দ্য ওয়াল’-এর তরফ থেকে ফোনে ধরা হলে, তিনি বলেন, ‘আমি ফেডারেশনের বেশ কিছু নিয়মের বিরুদ্ধে আমরা রয়েছি। পরিবর্তন আনতে বহুবার কমিটি গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটাও হয়নি। আমি একজন ইনডিপেনডেন্ট ফিল্মমেকার। আমার পিছনে বড় প্রযোজক থাকে না। তা বলে, ছোট ক্রু, পছন্দসই কলাকুশলীদের নিয়ে কাজ করতে পারব না? আমার মতো পরিচালকদের উপর বলপূর্বক লোকজন চাপানো হতে পারে না। এ সবের বিরুদ্ধেই আমি হাইকোর্টে পিটিশন ফাইল করি। পরিচালক বিদুলা ভট্টাচার্য নতুন গিল্ড অর্থাৎ DAEI-র সদস্য। সংগঠনের সম্পাদক সুদেষ্ণা রায়, সভাপতি সুব্রত সেন। তাঁরাও কিন্তু একই বিষয় নিয়ে আলোচনায় বসতে চাইছেন মন্ত্রী মহোদয়ের সঙ্গে, তাহলে কেন পৃথকভাবে পিটিশন দায়ের? ‘একটি বিষয় পরিস্কার করা প্রয়োজন। আমি এর আগেও পিটিশন ফাইল করতে চেয়েছিলাম। তখন সুদেষ্ণাদি আমাকে বলেন, ‘এখন আমরা ফেডারেশনের সঙ্গে, যোগাযোগের মধ্যে রয়েছি। খুব শীঘ্রই আলোচনায় বসব, এই সময়ে পিটিশন করলে, আবার আমরা অনেকখানি পিছিয়ে যাব’, সুদেষ্ণাদির এই কথা শুনেই আমি দায়ের করিনি। কিন্তু তারপর দেখলাম কিছুই হচ্ছে না। প্রেসিডেন্ট-সেক্রেটারি সবাই চুপ হয়ে গিয়েছেন। তাই এবার সিদ্ধান্ত নিয়েছি।’
একের পর এক পরিচালক সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইছেন। কেউ নতুন গিল্ড ছেেড় পুরনো গিল্ডে যোগ দিচ্ছেন। গতকাল পরিচালক রাহুল মুখোপাধ্যায়, ২৩৩জন পরিচালকের স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা থেকে নিজের নাম ‘প্রত্যাহার’ অবধি করে ফেললেন! এই সময়ে দাঁড়িয়ে কী মনে হয় না আস্থা, বিশ্বাস বা সম্বল সবই হারিয়ে ফেলছে DAEI। খানিক চুপ থেকে বিদুলা বললেন, ‘দেখুন আমরা যুদ্ধে নেমেছিলাম। কেউ কেউ ভয় পেয়ে, কেউ স্বার্থে, কেউ হয়তো অন্য কারণে যুদ্ধ থেকে পিছু হেঁটেছেন। তাঁরা বড় পরিচালক। সঙ্গে বড় প্রযোজকরা রয়েছেন। কিন্তু আমার মনে হয় যুদ্ধটা চলবেই। সবাই সবার মতো করে করছে। আমি আমার মতো করে লড়ছি।’ গোটা বিষয় নিয়ে ‘দ্য ওয়াল’-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে, তিনি ফোন ধরেননি।