চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত বড় কোনও অস্ত্রোপচারের প্রয়োজন নেই। একটি বিশেষ প্রক্রিয়ায় সিস্টটি ‘বার্ন’ করে নষ্ট করা হবে। এই চিকিৎসার জন্য কয়েক দিন হাসপাতালে ভর্তি থাকতে হবে অভিনেত্রীকে। ডিসেম্বর মাসে করা স্ক্যানে এটি ধরা পড়েনি, তবে সাম্প্রতিক রিপোর্টে কিছু মাত্রা সামান্য বেশি থাকায় চিকিৎসকেরা সতর্ক হয়েছেন।

শেষ আপডেট: 23 February 2026 16:37
দ্য ওয়াল ব্যুরো: টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর (Dipika Kakar) আবারও নতুন চ্যালেঞ্জের মুখে। ২০২৫-এ তাঁর লিভারে টেনিস বলের আকারের একটি ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়ে। অস্ত্রোপচারের মাধ্যমে সেই টিউমার অপসারণ করা হয় এবং তা করতে গিয়ে প্রায় ২২ শতাংশ লিভার কেটে বাদ দিতে হয়েছিল। এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন অভিনেত্রী।
কী হয়েছে?
এবার নয়া বিপত্তি, সম্প্রতি তাঁর স্বামী শোয়েব ইব্রাহিম (Shoaib Ibrahim)-এর ইউটিউব ব্লগ থেকে জানা যায়, নিয়মিত চেক-আপের সময় চিকিৎসকেরা তাঁর লিভারে আরও এক ১৩ মিলিমিটার আকারের একটি সিস্ট খুঁজে পেয়েছেন। কয়েক দিন ধরে হালকা পেটব্যথা হচ্ছিল দীপিকার। একটি পার্টি থেকে ফেরার পর ব্যথা কিছুটা বাড়লে তাঁরা চিকিৎসকের কাছে যান। সিটি স্ক্যানের পরই ধরা পড়ে নতুন সিস্টের বিষয়টি।
চিকিৎসকের কী পরামর্শ?
চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত বড় কোনও অস্ত্রোপচারের প্রয়োজন নেই। একটি বিশেষ প্রক্রিয়ায় সিস্টটি ‘বার্ন’ করে নষ্ট করা হবে। এই চিকিৎসার জন্য কয়েক দিন হাসপাতালে ভর্তি থাকতে হবে অভিনেত্রীকে। ডিসেম্বর মাসে করা স্ক্যানে এটি ধরা পড়েনি, তবে সাম্প্রতিক রিপোর্টে কিছু মাত্রা সামান্য বেশি থাকায় চিকিৎসকেরা সতর্ক হয়েছেন।
দীপিকা জানিয়েছেন, পেটের পাশাপাশি গত দু’দিন ধরে কাঁধেও ব্যথা অনুভব করছিলেন। যদিও চিকিৎসকেরা বলেছেন, কাঁধের ব্যথা সিস্টের সঙ্গে সম্পর্কিত নয়। আগের বারই তাঁকে নিয়মিত ফলো-আপের গুরুত্ব বোঝানো হয়েছিল। সেই নিয়ম মেনেই পরীক্ষা করাতে গিয়ে বিষয়টি ধরা পড়ে—যা সময়মতো জানা যাওয়ায় স্বস্তি পেয়েছেন তিনি।
গত বছর তাঁর স্টেজ ২ লিভার ক্যানসার ধরা পড়ে। কঠিন সেই লড়াইয়ের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন অভিনেত্রী। এবার নতুন এই সিস্টের চিকিৎসার পর তাঁর ওষুধপত্রেও কিছু পরিবর্তন আসতে পারে। চিকিৎসকেরা ইমিউনোথেরাপির কথাও ভাবছেন।
সকলের উদ্দেশে কী বার্তা দেন দীপিকা?
২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা ও শোয়েব। ২০২৩ সালে তাঁদের পুত্রসন্তান রুহানের জন্ম হয়। জীবনের এই কঠিন সময়ে পরিবার ও অনুরাগীদের ভালবাসাই তাঁদের সবচেয়ে বড় শক্তি—এমনটাই জানিয়েছেন দীপিকা। তিনি সকলের উদ্দেশে বার্তা দেন, অসুস্থতার ক্ষেত্রে সামান্য উপসর্গও যেন অবহেলা না করা হয়।