
শেষ আপডেট: 31 August 2023 08:30
দ্য ওয়াল ব্যুরো: সাধারণ মানুষের মতোই জীবনে বহু শোক পেরিয়ে আসতে হয় অভিনেতাদেরও। তবে যে কোনও শোকের চেয়ে বড় শোক সন্তানশোক। ৭৯ বছর বয়সে সন্তান হারানোর শোক পেলেন বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে (Dipankar de)। অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে কিছু বছর আগে বিবাহ বন্ধনে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা। এবার দুঃসংবাদ দীপঙ্করের জীবনে। বড় মেয়েকে হারালেন অভিনেতা।
৫২ বছর বয়স হয়েছিল তাঁর। জানা গেছে, বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি ছিলেন বৈশালী। কিডনি এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসা চলছিল, তবে শেষরক্ষা হল না। মাত্র ৫২ বছর বয়সে মৃত্যু হল দীপঙ্কর দে-র বড় মেয়ে বৈশালীর।
৭৯ বছর বয়সে প্রথম সন্তানকে হারিয়ে স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছেন অভিনেতা। সংবাদ মাধ্যমকে জানান, 'বড়সড় হার্ট অ্যাটাক হয়, শেষরক্ষা করা গেল না।' এরপরই শোকে মুহ্যমান দীপঙ্কর আর বেশি কথা বলতে চাননি। প্রসঙ্গত, অভিনেতার এই দুঃসময়ে মানসিক ভাবে তাঁর পাশে রয়েছেন দ্বিতীয় স্ত্রী দোলন রায়। তিনি জানান, মেয়েকে হারিয়ে ভেঙে পড়েছেন দীপঙ্কর, স্বাভাবিক ভাবেই মেয়ের অকাল প্রয়াণে কোনও বাবার পক্ষেই নিজেকে ঠিক রাখা সম্ভব নয়। তবে মানসিক ভাবে পাশে থাকলেও কাজ থেমে থাকে না ব্যক্তিগত শোকের কারণে, সেই কারণে ইচ্ছে না থাকলেও শোকাচ্ছন্ন বাবা দীপঙ্করকে বাড়িতে রেখে শ্যুটিংয়ে বেরোতেই হচ্ছে তাঁকে, জানান দোলন।
প্রসঙ্গত, বাবার মতোই দীপঙ্করের বড় মেয়ে বৈশালী কুরিয়াকোস যুক্ত ছিলেন টলিউডের সঙ্গে, তাঁর স্বামী অনিল কুরিয়াকোসও যুক্ত ছবির জগতের সঙ্গে। বৈশালী ছাড়াও দীপঙ্কর দে-র আরও একটি মেয়ে আছে। যদিও দীর্ঘদিন আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর দোলন রায়ের সঙ্গেই একসঙ্গে সংসার পেতেছিলেন দীপঙ্কর। তবে সূত্রের খবর, মেয়েদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিলই। ফলে বড় মেয়ের চলে যাওয়া বড় ধাক্কা অভিনেতার জন্য। এই শোক কবে কাটিয়ে উঠবেন জানা নেই তাঁর, চিন্তায় স্ত্রী দোলনও।
পরপর দু’বার কার্ডিয়াক অ্যারেস্ট, কোমার মধ্যেই মৃত্যু জনপ্রিয় ফিটনেস বিশেষজ্ঞের