
বলিউডের ভাইজান
শেষ আপডেট: 20 March 2025 17:17
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ভাইজান সলমন খান। মিডিয়ার সঙ্গে বাকবিতণ্ডা, ভক্তদের সঙ্গে রূঢ় আচরণ, বলিউডে ক্ষমতা প্রদর্শন কিংবা অপরাধ জগতের সঙ্গে নাম জড়ানো— এসব কারণে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। তবে এসবের বাইরেও এক শ্রেণির কাছে তিনি ভগবানের মতো। কারণ, চুপিসারে বহু মানুষের পাশে দাঁড়ান সলমন। তাঁর কারণে বহু অসহায় ও অসুস্থ মানুষ নতুন জীবন পেয়েছেন।
তবে এ নিয়ে প্রকাশ্যে কথা বলতে দেখা যায় না তাঁকে। করোনা মহামারির সময় গোটা একটি গ্রামের খাদ্যের দায়িত্ব নিয়েছিলেন তিনি। এমনকি নিজের ভিলাতে অনেক মানুষকে আশ্রয়ও দিয়েছেন। তাহলে কি সত্যিই সলমন খানের উপার্জনের ৯০ শতাংশ মানুষের কল্যাণে চলে যায়? এক সাক্ষাৎকারে এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তিনি। কিন্তু সোজাসুজি উত্তর না দিয়ে কিছুক্ষণ চুপ ছিলেন।
শেষমেশ হেসে বলেছিলেন, “৯০ শতাংশ না হলেও বেশিরভাগটাই মানুষের উপকারে চলে যায়।” তারপর জানান, তাঁদের বাড়িতে প্রতিদিন অনেক মানুষ সাহায্যের জন্য আসেন। তাঁর বাবা সেলিম খান একের পর এক চেক সই করে দেন। কারও চিকিৎসার খরচ, কারও অপারেশনের টাকা— কাউকে ফেরানো হয় না। সলমন বলেন, “ফলে নিজের খরচের জন্য মাত্র ১০ শতাংশ রয়ে যায়। বাবা যেভাবে সাহায্য করেন, তাতে আয় না বাড়িয়ে উপায় নেই। ‘বিইং হিউম্যান’ থেকে যে মুনাফা আসে, সেটাও মানুষের সেবায় চলে যায়।”
সলমন খানের মানবিকতার উদাহরণ বলিউডে প্রচুর। অনেকের ক্যারিয়ার তৈরি করেছেন, অনেককে অর্থ সাহায্য দিয়েছেন। অর্জুন কাপুরকেও একসময় নিজের কাছে ডেকে প্রশিক্ষণ দিয়েছিলেন। যদিও পরবর্তীতে তাঁদের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। তবে সেসব এখন অতীত। বর্তমানে সলমন পুরোপুরি ব্যস্ত বলিউডের ভবিষ্যৎ গড়ে তুলতে।