
যীশু সেনগুপ্ত
শেষ আপডেট: 20 March 2025 14:33
দ্য ওয়াল ব্যুরো: বাংলা চলচ্চিত্রের এক পরিচিত মুখ, যীশু সেনগুপ্ত। অভিনয় জীবনের শুরুতেই ‘শ্রীচৈতন্য মহাপ্রভু’র ভূমিকায় তাঁকে দেখেছিল গোটা বাংলা। এরপর কিছু বাণিজ্যিক ছবিতে নায়ক হিসেবে কাজ করলেও, একসময় টানা সাত বছর বড় পর্দা থেকে দূরে ছিলেন তিনি। কিন্তু ফিরে এসেই চমকে দিয়েছিলেন দর্শকদের। জনপ্রিয়তা কখনও তাঁর সঙ্গে ছায়ার মতো থেকেছে।
আজও অগণিত ভক্ত, বিশেষ করে মহিলারা, তাঁকে প্রেম প্রস্তাব দেন। তবে শোনা যায়, যীশু নাকি কখনও সেগুলি গ্রহণ করেন না! তবে তাঁর নাম ‘যীশু’ হওয়ার পেছনেও রয়েছে এক অজানা গল্প। আসলে যীশু তাঁর ডাকনাম। সরকারি নথিতে তাঁর আসল নাম বিশ্বরূপ সেনগুপ্ত। ‘বিশ্বরূপ’ কৃষ্ণের ১০৮টি নামের মধ্যে একটি।
অর্থাৎ, একদিকে ‘যীশু’, অন্যদিকে ‘বিশ্বরূপ’— যেন এক নামেই দুই ভাব। দীর্ঘদিন সরকারি নথিতে ‘বিশ্বরূপ’ নামই ব্যবহার করতেন তিনি। স্কুল-কলেজের বন্ধুরাও তাঁকে এই নামেই চিনতেন। তবে অভিনয় জগতে প্রবেশের পর ‘বিশ্বরূপ’ হয়ে ওঠেন ‘যীশু’।
পরবর্তীতে এক পর্যায়ে এফিডেভিট করে সরকারি নথিতেও ফিরিয়ে আনেন নিজের আসল নাম। এখন তাঁর পাসপোর্ট, আধার, প্যান— সব জায়গাতেই তিনি বিশ্বরূপ সেনগুপ্ত। নাম বদলালেও, পর্দায় তাঁর পরিচয় কিন্তু আজও ‘যীশু’ই!