
রানি মুখোপাধ্যায় ও অভিষেক বচ্চন
শেষ আপডেট: 4 April 2025 19:01
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের গুঞ্জনের ঝুলিতে একসময় জোরালো জায়গা করে নিয়েছিল রানি মুখোপাধ্যায় ও অভিষেক বচ্চনের সম্পর্কের গল্প। বলিউডের অন্দরমহলে কান পাতলেই শোনা যেত, খুব শিগগিরই রানি হয়ে উঠবেন বচ্চনবধূ। তবে সেই গল্প আর বাস্তবে রূপ নেয়নি। সম্পর্কটা ভেঙে যায়। আর এই ভাঙনের মূল কারণ হিসেবে বারবার উঠে আসে একটাই নাম—জয়া বচ্চন।
শোনা যায়, রানি মুখার্জিকে মোটেই পছন্দ করতেন না জয়া। তিনি নাকি চেয়েই ছিলেন না, রানি তাঁর পুত্রবধূ হন। যদিও অমিতাভ বচ্চনের কাছে রানির বিশেষ জায়গা ছিল। অমিতাভ বরাবর রানির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। এমনকি, তিনি নাকি রানিকে কন্যাস্নেহে দেখতেন। কিন্তু জয়ার অনাগ্রহের সামনে সে সম্পর্ক টিকতে পারেনি। সময়ের সঙ্গে সঙ্গে রানি ও অভিষেকের মধ্যে দূরত্ব তৈরি হয়, যোগাযোগও কমে আসে।
শুধু ব্যক্তিগত সম্পর্কেই নয়, কাজের ময়দানে রানি ও জয়ার টানাপোড়েনের নজিরও রয়েছে। যশরাজ ফিল্মসের ‘লাগা চুনরি মে দাগ’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন দুই অভিনেত্রী। শোনা যায়, সেখানেই শুরু হয় ঠান্ডা লড়াই। শুটিং ফ্লোরে জয়া ও কঙ্কনা সেন শর্মা নাকি রানির থেকে আলাদা হয়ে বসতেন। একদিন নাকি জয়া কটাক্ষ করে কঙ্কনাকে বলেন, “রানিকে তোমার হাসিটা ধার দাও।” কটাক্ষ শুনে কঙ্কনা হেসে উঠলেও, রানি সে মুহূর্তে খুবই অস্বস্তি বোধ করেছিলেন।
এই ঘটনার পর থেকে আর অভিষেকের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি রানিকে। অথচ ‘বান্টি অউর বাবলি’ ছবিতে তাঁদের জুটি সুপারহিট হয়েছিল। কিন্তু সিকুয়েলে রানি থাকলেও অভিষেককে আর দেখা যায়নি। তাঁর জায়গায় এসেছিলেন সইফ আলি খান। পরিবারের সম্পর্ক, পছন্দ-অপছন্দ, আর ব্যক্তিগত মতানৈক্যের আবহে হারিয়ে যায় বলিউডের এক সম্ভাব্য জুটি।