1.png)
‘চলতে চলতে’
শেষ আপডেট: 30 April 2025 19:58
দ্য ওয়াল ব্যুরো: ২০০৩ সালের ১৩ জুন মুক্তি পেয়েছিল রানি মুখার্জি ও শাহরুখ খান অভিনীত রোম্যান্টিক ছবি ‘চলতে চলতে’। মুক্তির দুই দশক পরেও ছবিটি রানি-শাহরুখ জুটির অন্যতম সেরা কাজ হিসেবে মনে করেন দর্শকরা। তবে অনেকেই জানেন না, ছবির শুরুতে রানিকে নয়, মূল চরিত্রে পরিচালকের পছন্দ ছিল ঐশ্বর্যা রাই।
সম্প্রতি পরিচালক আজিজ মির্জা এক সাক্ষাৎকারে ঐশ্বর্যার শ্যুটিং অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন। রেডিও নশাকে দেওয়া সাক্ষাৎকারে আজিজ বলেন, “না না, ঐশ্বর্যাকে নিয়ে খুব বেশি শ্যুট হয়নি। আমরা শুধু ‘প্রেম নগরিয়া’ গানটির শ্যুট শুরু করেছিলাম। মাত্র একদিনের শ্যুটিং হয়েছিল। দুর্ভাগ্যবশত, বিষয়টি এগোয়নি। তারপর রানি এলেন।”
প্রসঙ্গত, এর আগে আজিজ মির্জা ও শাহরুখ খান একসঙ্গে তিনটি ছবিতে কাজ করেছিলেন— ‘রাজু বান গয়া জেন্টলম্যান’ (১৯৯২), ‘ইয়েস বস’ (১৯৯৭) এবং ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’ (২০০০)। তিনটি ছবিতেই শাহরুখের বিপরীতে ছিলেন জুহি চাওলা।
তবে ‘চলতে চলতে’-তে জুহিকে না নিয়ে নতুন মুখ নেওয়ার কারণও জানান পরিচালক। আজিজ বলেন, “মনে হয়েছিল পরিবর্তনের সময় এসেছে। তাই নতুন নায়িকার কথা ভাবা হয়েছিল।” বর্তমানে রানি মুখার্জি ব্যস্ত রয়েছেন ‘মর্দানি ৩’ ছবির শ্যুটিংয়ে।
ঐশ্বর্যা রাই বচ্চনকে শেষ দেখা গিয়েছিল মণি রত্নমের পরিচালনায় ‘পন্নিয়িন সেলভান: পার্ট ২’ ছবিতে। অন্যদিকে, শাহরুখ খানের আগামী প্রকল্প নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও জোর গুঞ্জন, তিনি সিদ্ধার্থ আনন্দের পরবর্তী ছবি ‘কিং’-এ অভিনয় করবেন। ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে সুহানা খান, অভিষেক বচ্চন ও অভয় বর্মাকেও।