
ফাইল চিত্র
শেষ আপডেট: 10 November 2024 12:37
দ্য় ওয়াল ব্যুরো: সদ্যই মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। চলতি বছর ফেব্রুয়ারি মাসে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ঘোষণা করেছিলেন তাঁদের প্রথম সন্তান আসার খবর। তারপর ৮ সেপ্টেম্বর মুম্বইয়ের রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। সেই খবর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেও দেখা যায় রণবীর সিংকে। সোশ্যাল মিডিয়ায় দীপবীর জানিয়েছিলেন লক্ষ্মীবারে তাঁদের ঘরে লক্ষ্মী এসেছে।
কয়েকদিন আগেই দম্পতি জানিয়েছেন মেয়ের নাম রেখেছেন ‘দুয়া’, যার অর্থ ‘প্রার্থনা’। দুয়া পাড়ুকোন সিংয়ের ছোট্ট পায়ের ছবির সঙ্গে তার নাম প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় উপচে পড়ে সোশ্যাল মিডিয়া। তাঁদের অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন বহু তারকা।
View this post on Instagram
এদিকে বহু নেটিজেন আবার সেই নামকে ভাল চোখে নেননি। একের পর এক কটাক্ষ করা হয়েছে ছোট্ট দুয়ার নাম ঘিরে। একরত্তির সঙ্গে কেমনভাবে দিন কাটছে দীপিকা-রণবীরের তা মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রাসঙ্গিক রিলের মাধ্যমে তুলে ধরছেন দীপিকা। সেখানেও একই ধরনের কিছু কমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এই নাম রাখার পিছনে আসল কারণ কী?
দুয়ার নাম ঘিরে সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে। মনে করা হচ্ছে, 'দুয়া' নামটিতে রয়েছে 'ডি', 'ইউ', 'এ'। ডি থেকে শুরু হয় দীপিকার নাম। 'ইউ'-হতে পারে দীপিকার মা উজ্জ্বলা পাড়ুকোনের নামের প্রথম অক্ষর। 'এ' হতে পারে অভিনেত্রীর গল্ফার বোন আনিশা পাড়ুকোনের নামের প্রথম অক্ষর। এমন একটি পোস্টও ঘুরে বেরাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। পোস্টটি দেখার পর থেকেই একাধিক নেটিজেনদের বক্তব্য, রণবীরের নামের প্রথম অক্ষর কেন ব্যবহার করলেন না দীপিকা?
View this post on Instagram
কিন্তু মেয়ের বয়স দু'মাস পেরোলেও এতদিন একরত্তির ছবি বা নাম প্রকাশ্যে আনেননি এই তারকা জুটি। দীপাবলির দিনেই মেয়ের খুঁটিনাটি সামনে আনলেন রণবীর-দীপিকা। সংবাদমাধ্যম সূত্রে খবর, মেয়েকে নাকি বড় করার সময় ঐশ্বর্য আর অনুষ্কার দেখানো পথ বেছে নেবেন দীপিকা। এই দুই অভিনেত্রীই তাঁদের সন্তানদের বড় নিজের হাতেই মাতৃস্নেহে বড় করে তুলেছেন। দীপিকাও সেই পথেই হাঁটবেন।