প্রকাশ্যে এল ‘ধুরন্ধর ২’ বা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ট্রেলার। রণবীর সিং ফিরছেন ‘জ্যাসকৃত সিং রঙ্গী’ হয়ে।

‘ধুরন্ধর ২’
শেষ আপডেট: 7 March 2026 12:26
দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিসে ঝড় তুলেছিল ‘ধুরন্ধর’। কেবল দেশভক্তির আবেগে ভর করে নয়, গল্প, চিত্রনাট্য, অভিনয় এবং দুর্দান্ত অ্যাকশনের জোরেই দর্শকদের মন জয় করেছিল ছবিটি। সেই থেকেই ‘ধুরন্ধর ২’ নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমশ বাড়ছিল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল ছবির ট্রেলার।
প্রথম ছবিতে হামজা আলির চরিত্রে দেখা গিয়েছিল রণবীর সিংকে। কিন্তু তিনি কীভাবে পাকিস্তানে পৌঁছলেন, কেনই বা এতগুলি পরিচয় নিয়ে সেখানে থাকলেন, তাঁর প্রকৃত পরিচয় কী—এই সব প্রশ্নই দর্শকদের মনে ঘুরপাক খাচ্ছিল। ‘ধুরন্ধর ২’ অর্থাৎ ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এ সেই সব প্রশ্নের উত্তর মিলবে বলেই ইঙ্গিত দিচ্ছে ট্রেলার। এখানেই সামনে আসবে ‘জ্যাসকৃত সিং রঙ্গী’-র পরিচয়—তিনি কে, কী তাঁর অতীত, কীভাবেই বা এই গোটা অভিযানের সঙ্গে যুক্ত হলেন, সেই রহস্যের পর্দা ধীরে ধীরে উঠবে।
প্রথম ছবিতে আর. মাধবন বা অর্জুন রামপালের উপস্থিতি খুব বেশি দেখা যায়নি। তবে দ্বিতীয় পর্বে যে তাঁরা বড় ভূমিকা নিতে চলেছেন, তা ট্রেলারেই স্পষ্ট। তাঁদের পরিকল্পনাতেই এক ভারতীয় গুপ্তচরকে তৈরি করে পাকিস্তানে পাঠানো হয় প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে। অন্যদিকে আরেক ভারতীয়কে হত্যার পরিকল্পনাও চলতে থাকে।
এই পরিস্থিতিতে রেহমান ডাকাতকে খতম করে লিয়ারির অঘোষিত সম্রাট হয়ে ওঠে হামজা। এরপর কী ঘটবে? ইয়ালিনা কি তাঁর প্রকৃত পরিচয় জেনে ফেলবে? ট্রেলারে সেই সব প্রশ্নের আভাস মিলেছে। পাশাপাশি সঞ্জয় দত্তের নৃশংস রূপও আবার সামনে এসেছে। ‘ধুরন্ধর’-এর মতোই এই ছবিতেও মারকাটারি অ্যাকশন, তীব্র সংঘর্ষ আর রুদ্ধশ্বাস মুহূর্তে ভরপুর দৃশ্য দেখা গেছে ট্রেলার জুড়ে। সঙ্গে রয়েছে ‘জ্যাসকৃত সিং রঙ্গী’-র অতীত জীবনের ঝলকও। সব মিলিয়ে ‘ধুরন্ধর ২’-এর ট্রেলার যে দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে, তা বলাই বাহুল্য।
উল্লেখ্য, ‘ধুরন্ধর ২’ বা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ আগামী ১৯ মার্চ মুক্তি পেতে চলেছে। একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল ‘টক্সিক’ ছবিটিরও। তবে বক্স অফিসে সংঘর্ষ এড়াতে সেই ছবি পিছিয়ে দেওয়া হয়েছে। আদিত্য ধর পরিচালিত ও প্রযোজিত এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন রণবীর সিং ও সারা অর্জুন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর. মাধবনসহ আরও অনেককে।
মুক্তির আগেই আমেরিকার বক্স অফিসে ছবিটি উল্লেখযোগ্য ব্যবসা করে ফেলেছে বলেও জানা গেছে। ট্রেলার প্রকাশ করে রণবীর সিং লিখেছেন, “বলেছিলাম ব্যাপারটা ব্যক্তিগত!” আর ট্রেলার প্রকাশের পর থেকেই নেটপাড়ায় উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কেউ লিখেছেন, “আগুন!” আবার কেউ মন্তব্য করেছেন, “উফ, আর অপেক্ষা সইছে না।” অন্য এক নেটিজেনের মতে, “এই ছবি আরও বড় হিট হবে, আগের থেকেও বেশি ব্যবসা করবে।”