ধর্মেন্দ্রর আইসিইউ-এর একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ভিডিওটিতে ধর্মেন্দ্রকে অচেতন অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায় এবং পাশে তাঁর পরিবারের সদস্যরা ছিলেন।

ধর্মেন্দ্র
শেষ আপডেট: 14 November 2025 13:38
দ্য ওয়াল ব্যুরো: প্রবীণ বলিউড অভিনেতা ধর্মেন্দ্র হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন। গোটা নেটপাড়াই তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তায় রয়েছে। এসবের মধ্যেই তাঁর আইসিইউ-এর একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ভিডিওটিতে ধর্মেন্দ্রকে অচেতন অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায় এবং পাশে তাঁর পরিবারের সদস্যরা ছিলেন। এই ভিডিওটি ভাইরাল হওয়ায় অনুরাগীরা যেমন আবেগপ্রবণ হন, তেমনই অনেকে ক্ষুব্ধও হন।
প্রাথমিকভাবে এমন খবর রটেছিল যে আইসিইউ-এর ভেতরে ভিডিওটি রেকর্ড করার জন্য দায়ী এক কর্মীকে শনাক্ত করে আটক করা হয়েছে। তবে এক সূত্রে জানা গেছে, এই খবরটি সঠিক নয়। হাসপাতালের যে কর্মী ধর্মেন্দ্র এবং তাঁর পরিবারের ভিডিও রেকর্ড করেছিলেন, তাঁকে এখনও পর্যন্ত আটক বা গ্রেফতার করা হয়নি। বর্তমানে তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া না হলেও, ঘটনার তদন্ত চলছে।
ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটিতে ধর্মেন্দ্রকে অচেতন অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা গিয়েছিল। তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন দুই ছেলে সানি দেওল ও ববি দেওল। এছাড়াও সানির ছেলে করণ ও রাজবীর দেওল এবং ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌরকেও অভিনেতার কাছে বসে থাকতে দেখা যায়।
The Full Video From Dharmendra ji
His discharge from the Hospital
But health is not Well
Please Pray For Dharmendra ji 🙏 #SunnyDeol #HemaMalini#DharmendraDeol #dharmendra#Bihar #BiharElection #NitishKumar pic.twitter.com/G4sK1khJZ3— Chandan Chand (@ckchandan92) November 13, 2025
স্বাস্থ্য খারাপ হওয়ায় ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কয়েক দিন চিকিৎসার পর তিনি গত ১২ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। হাসপাতালে থাকার সময় তাঁর মৃত্যুর মিথ্যা গুজব ছড়ায়। এই গুজবের পরিপ্রেক্ষিতে তাঁর স্ত্রী হেমা মালিনী এবং মেয়ে এশা দেওল প্রকাশ্যে বিবৃতি দিয়ে নিশ্চিত করেন যে তিনি সুস্থ আছেন।
মঙ্গলবার সকাল ৭টা বেজে ৩০ মিনিটে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর দেওল পরিবার একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে। সেখানে তাঁরা গোপনীয়তা রক্ষার অনুরোধ জানান এবং শুভাকাঙ্ক্ষীদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
পরিবারের বিবৃতি অনুযায়া, "ধর্মেন্দ্র জি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং বাড়িতে তাঁর চিকিৎসা চলবে। আমরা মিডিয়া ও সাধারণ মানুষের কাছে অনুরোধ জানাচ্ছি যে, এই সময়ে তাঁর এবং তাঁর পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য এবং দয়া করে আর কোনও জল্পনা না করার জন্য। তিনি আপনাদের ভালবাসেন, তাই তাঁকে সম্মান করুন।"