ভিডিও বলছে, দক্ষিণ ভারতীয় রীতি মেনে বিয়ের আসরে বসেছেন ধনুশ ও ম্রুণাল। উপস্থিত থাকতে দেখা যায় একাধিক তামিল সিনেমার তারকাকে।

শেষ আপডেট: 24 January 2026 20:05
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী সুপারস্টার ধনুশ (Dhanush) এবং বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের (Mrunal Thakur) বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন করে তোলপাড়। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে দক্ষিণ ভারতীয় রীতি মেনে বিয়ের আসরে বসেছেন ধনুশ ও ম্রুণাল (Dhanush Mrunal wedding)। এই ভিডিও দেখেই অনেক নেটিজেন ধরে নিয়েছেন, দুই তারকা নাকি চুপিচুপি সাতপাকে বাঁধা পড়েছেন। কিন্তু সত্যিই কি তাই? নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য?
কী দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওতে (Dhanush Mrunal wedding viral video)?
ভাইরাল হওয়া ভিডিওটিতে ধনুশকে দেখা যাচ্ছে সাদা রঙের সোনালি পাড় দেওয়া ভেস্তি (ধুতি) এবং মানানসই শার্টে। অন্যদিকে, ম্রুণাল পরেছেন গাঢ় মেরুন রঙের শাড়ি, পুরোপুরি দক্ষিণী কনের সাজে। ভিডিওতে উপস্থিত থাকতে দেখা যায় একাধিক তামিল সিনেমার তারকাকে। তালিকায় রয়েছেন থালাপতি বিজয়, দুলকার সলমন, অজিত কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন সঙ্গীত পরিচালক অনিরুধ রবিচন্দর, অভিনেত্রী তৃষা কৃষ্ণন এবং শ্রুতি হাসান।
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দাবি করা হয়, ২২ জানুয়ারি চেন্নাইয়ে ধনুশ ও ম্রুণালের বিয়ে হয়েছে।
ভিডিওটি কি সত্যি?
ভাইরাল ভিডিওটি খতিয়ে দেখতেই সামনে আসে চমকপ্রদ তথ্য। বিস্তারিত পর্যবেক্ষণে স্পষ্ট হয়, এই ভিডিওটি মোটেই আসল নয়, বরং AI (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তির মাধ্যমে তৈরি। ভিডিওটির কমেন্ট সেকশনে এক নেটিজেন দাবি করেন, যে দিন বিয়ের কথা বলা হচ্ছে, সেই দিন অভিনেতা অজিত কুমার চেন্নাইয়ে ছিলেনই না, তিনি ছিলেন দুবাইয়ে। এই তথ্য থেকেই ভিডিওটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।
ধনুশ ও ম্রুণাল কি আদৌ বিয়ে করছেন?
এর আগেও চলতি মাসে Free Press Journal-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ধনুশ ও ম্রুণাল নাকি এই বছরের ভ্যালেন্টাইনস ডে, অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি বিয়ে করতে চলেছেন। ওই রিপোর্টে আরও বলা হয়, বিয়ের অনুষ্ঠানটি হবে একান্তই ব্যক্তিগত, যেখানে উপস্থিত থাকবেন শুধুমাত্র পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা।
তবে এই জল্পনায় জল ঢেলে পরে HT City-কে দেওয়া এক সাক্ষাৎকারে দুই তারকার ঘনিষ্ঠ সূত্র স্পষ্টভাবে জানায়, “ম্রুণাল আগামী মাসে বিয়ে করছেন না। এই খবরের কোনও ভিত্তি নেই। অকারণেই এই গুজব ছড়িয়েছে।”
সব মিলিয়ে স্পষ্ট, ধনুশ ও ম্রুণাল ঠাকুরের বিয়ে নিয়ে ভাইরাল হওয়া ভিডিওটি ভুয়ো ও AI-তৈরি, আর বিয়ের খবরও আপাতত নিছক গুজব। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ার জল্পনা নতুন নয়, তবে এই ঘটনায় আবারও প্রমাণ হল—ভাইরাল মানেই সত্যি নয়।