
শেষ আপডেট: 1 February 2023 10:36
দ্য ওয়াল ব্যুরো: সত্যান্বেষী ব্যোমকেশ (Byomkesh Bakshi) বেশে এবার পর্দায় হাজির হবেন দেব (Dev), এ কথা জানা গিয়েছে গত শনিবারেই। এদিকে 'ব্যোমকেশ দুর্গ রহস্য'-র নাম ঘোষণার পর থেকেই দু'ভাগ হয়ে গিয়েছে অভিনেতার ভক্তকুল (fans)। কেউ বলছেন, ব্যোমকেশকে এবার আরও জাঁকজমকভাবে বড়পর্দায় হাজির করবেন দেব। আবার পাল্টা অনেকে বলছেন, গোয়েন্দা নিয়ে এত সিনেমার ভিড়ে দেবের নাম লেখানো উচিত হয়নি।
উল্লেখ্য, বড়পর্দা-ছোটপর্দা মিলিয়ে একাধিক অভিনেতা এই আইকনিক চরিত্রকে ফুটিয়ে তুলেছেন। উত্তম কুমার থেকে শুরু করে পরমব্রত চট্টোপাধ্যায়, মাঝে রজিত কাপুর, আবির চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, গৌরব চক্রবর্তী, সুশান্ত সিং রাজপুত, সুজয় ঘোষরাও ব্যোমকেশ সেজেছেন। রহস্যের সন্ধান করেছেন। এবার সেই তালিকাতেই দেবকে মেনে নিতে পারছেন না তাঁরই একাংশ অনুরাগী।
তাঁদের মতে, দেব যেখানে কয়েকমাস আগেই এই ডিটেকটিভ ঘরানার সিনেমাকে 'সেফ জোন' বলে ব্যক্ত করেছিলেন, সেখানে তিনিই কেন আবার গোয়েন্দা গল্প নিয়ে ছবি বানাতে রাজি হলেন? বরং দেব যেভাবে অন্য ঘরানার ছবিতে ক্রমশ নিজের পায়ের জমি শক্ত করছিলেন, তাতেই খুশি ছিলেন ভক্তরা।
মশালা কমার্শিয়াল ঘরানা ছেড়ে দেব হঠাৎই সমান্তরাল সিনেমার দিকে ঝুঁকেছিলেন। এরপর সেখানেই নিজের আলাদা পরিচয় তৈরি করেন তিনি। 'খোকাবাবু' ইমেজ ঝেড়ে ফেলে পুরোদস্তুর অভিনেতা হওয়ার যাত্রা শুরু হয় তাঁর। 'গোলন্দাজ', 'কিশমিশ'-এর মতো ছবিতে অভিনয় প্রশংসিত হয়। এরপরই তিনি বিপ্লবী 'বাঘা যতীন'-এর বায়োপিক তৈরির কাজে হাত দেন। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজেকে পরীক্ষার মুখে ফেলছিলেন দেব। সেখান থেকে কেন গোয়েন্দা গল্পে অভিনয় করতে রাজি হলেন তিনি, সেই নিয়েই প্রশ্ন তুলছেন সেই একাংশ অনুরাগী।